বিএনপি নির্বাচনে আসবেই: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i48313-বিএনপি_নির্বাচনে_আসবেই_ওবায়দুল_কাদের
আগামী জাতীয় নির্বাচনে বিএনপি এমনিতেই অংশ নেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপিকে আহ্বান করলেও তারা নির্বাচনে আসবে, না করলেও আসবে। নির্বাচনে তারা আসবেই। তাদের নেতারাই বলেছেন, তারা নির্বাচনে আসবেন। কাজেই এখানে আহ্বানের তো কোনও প্রয়োজন নেই।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১০, ২০১৭ ১৩:২৫ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

আগামী জাতীয় নির্বাচনে বিএনপি এমনিতেই অংশ নেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপিকে আহ্বান করলেও তারা নির্বাচনে আসবে, না করলেও আসবে। নির্বাচনে তারা আসবেই। তাদের নেতারাই বলেছেন, তারা নির্বাচনে আসবেন। কাজেই এখানে আহ্বানের তো কোনও প্রয়োজন নেই।

আজ (শুক্রবার) সকালে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর শহীদ নূর হোসেন চত্বরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের আরও বলেন, আমরা চাই প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচন হোক। বিএনপি একটা বড় দল। তারা অংশ নিলে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। সেজন্য আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক।

বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া প্রসঙ্গে তিনি বলেন, এটা কোনও নমনীয়তার ব্যাপার না। ব্যাপার হচ্ছে, বিএনপি সমাবেশের অনুমতি চেয়েছে। অনুমতি দেয়ার ব্যাপারে কোনও বাধা তো কখনও ছিল না। কিন্তু সমস্যা হচ্ছে, অনুমতি নিয়ে এখন পর্যন্ত তাদের এমন একটি জনসভাও হয়নি যেখানে কোনও বিশৃঙ্খলা ঘটেনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, এই বিশৃঙ্খলাগুলো ভয় পাই বলেই আমরা বিষয়টা নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলাম। আমরা সব সময় অনুমতি দিতে চাই। তারা একটি নিবন্ধিত রাজনৈতিক দল, তাদের অবশ্যই সভা সমাবেশ করার অধিকার রয়েছে। শেখ হাসিনা সরকার কতটা গণতান্ত্রিক, এই অনুমতি দিয়ে আবারও তা প্রমাণিত হলো। আর গণতন্ত্র আছে বলেই আইপিইউ, সিপিসি’র মতো বড় বড় সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, নির্বাচনে না এলে বিএনপির অবস্থা আরও করুণ হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, বিএনপি সংসদ নির্বাচনে অংশ নেবে। না এসে উপায় নেই। নির্বাচনে না এলে তাদের করুণ অবস্থা হবে। আর সে নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (শুক্রবার) ভোলা সদরের খাসেরহাট বাজারে পল্লী বিদ্যুৎ সংযোগ লাইন উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি অনেকবার ক্ষমতায় ছিলো। কিন্তু একবারও দেশের মানুষের জন্য কিছু করেনি। আমরা কথা দিয়ে কথা রেখেছি। ২০২৪ সালের মধ্যে ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। দেশ এগিয়ে চলেছে, দেশ এখন অর্থনৈতিকভাবে অনেক মজবুত। প্রধানমন্ত্রী গ্রামকে শহরে পরিণত করেছেন।#

পার্সটুডে/শামস মণ্ডল/নাসির মাহমুদ/১০