রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মূলধন ঘাটতি মেটাতে অর্থ দিতে হবে: আবদুল মুহিত
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এটা নির্বাচনের বছর,টাকা-পয়সার ছড়াছড়ি হবে, কালোটাকাও আসবে। এ জন্য একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। আজ (রোববার) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন'২০১৮ তে দেয়া প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, এবার ব্যাংকগুলো একটু বেশি ঋণ দিতে পারে। তবে তা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক উদ্যোগ নেবে।
মন্ত্রী আরো বলেন, জাতীয় বাজেট থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংগুলোর মূলধন ঘাটতি মেটাতে অর্থ দেয়া হয়ে থাকে। এ নিয়ে অনেকে সমালোচনা করেন। তারপরও আমাদের অর্থ দিতে হবে।
আগামী বাজেটে আবারও ব্যাংকগুলোর জন্য মূলধন বরাদ্দ রাখা হবে বলে জানিয়ে অর্থমন্ত্রী বলেছেন: ‘কোনো একটি ব্যাংককে আমরা ধ্বংস হতে দিতে পারি না, এ জন্য আগামী বাজেটে আবারও ব্যাংকগুলোর জন্য মূলধন বরাদ্দ রাখা হবে।’
অর্থমন্ত্রীর এসব বক্তব্যকে নীতিহীন আখ্যা দিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফূল হক রেডিও তেহরানকে বলেন, নির্বাচনের বছরের অজুহাত দেখিয়ে মুহিত সাহেব যেটা বলেছেন সেটা দুর্নীতিবাজ, লুটেরা আর ব্যাংক ডাকাতদের উৎসাহিত করবে। আর জনগণের অর্থ নিয়ে লুট করা ব্যাংকের জন্য মূলধন দেবেন, এটা কোনভাবেই জনগণ মেনে নেবে না।
রূপালী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠানে আজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান।
অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির,আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান,রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মঞ্জুর হোসেন প্রমুখ।#
পার্সটুডে/আবদুর রহমান খান/নাসির মাহমুদ/২৮