বিএনপির সঙ্গে সংলাপ নয়- কাদের: মওদুদ বললেন 'সরকার বাধ্য হবে'
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপের প্রয়োজন নেই বলে আজ পরিষ্কার জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সংলাপ এটা সময়ের ব্যাপার। সময় হলে সরকার অবশ্যই সংলাপে বসতে বাধ্য হবে।
আজ (শুক্রবার) দলীয় সভাপতির ধানমণ্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আন্দোলন নাকি নির্বাচন চায়, সেটা নিজেরাই জানে না বিএনপি। আগামী জাতীয় নির্বাচনে সহিংসতার চক্রান্ত হতে পারে। এবার ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমন করা হবে।
আওয়ামী লীগ নেতা আরো বলেন, ‘এখন সংলাপ চায়। এখন সংলাপের কোনো প্রয়োজন নাই। তবে এবার আমরা খুব কনফিডেন্ট। এবার আর গতবারের মতো জ্বালাও-পোড়াও করে পার পাবে না। আবারও বলছি, কেউ যদি ২০০১ সালের রঙিন খোয়াব দেখতে চান, সেই রঙিন খোয়াব আর সফল হবে না।’
সংলাপ সময়ের ব্যাপার: মওদুদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ আজ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় মন্তব্য করেছেন সংলাপ এটা সময়ের ব্যাপার। আন্দোলনের মুখে যখন যে পরিস্থিতিতে যে অবস্থার সৃষ্টি হবে, সে অবস্থার প্রেক্ষাপটেই ব্যবস্থা গ্রহণ করা হবে। সেখানে সংলাপ হতে পারে, সংলাপ ছাড়াও সমস্যার সমাধান হতে পারে।
সংসদ বহাল রেখে নির্বাচন করার চেষ্টা নিরর্থক হবে বলেও উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘সংলাপের প্রয়োজন আপনারা অবশ্যই বোধ করবেন।
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং তার আগে অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করে তিনি বলেন, জনগণ তাদের ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ।
সংলাপ হতে পারে: হানিফ
ওদিকে, আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, সংলাপ হতে পারে তবে সরকারি দল বিএনপিকে বিশ্বাস করে না এবং জনগণেরও তাদের প্রতি আস্থা নেই।
তাছাড়া, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ মন্তব্য করেছেন, আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপির দেশ ছেড়ে পালাতে হতে পারে।
আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, আওয়ামী লীগ চায় বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক। বিএনপিই বরং নিজেদের পরাজয়ের কথা বুঝতে পেরে নির্বাচন থেকে পালাতে চাচ্ছে।
বিএনপিকে উদ্দেশ করে হাছান মাহমুদ বলেন, “আপনারা নির্বাচন থেকে পালাবেন না। গত নির্বাচনে অংশগ্রহণ না করে যে ভুল করেছেন এবার তা করবেন না। হয়তো আগামী নির্বাচনে অংশগ্রহণ না করলে আপনাদের দেশ ছেড়ে পালাতে হতে পারে।“#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২২