আ. লীগের আমলে কলঙ্কিত ও প্রশ্নবিদ্ধ নির্বাচনের রেকর্ড নেই: কাদের
-
ওবায়দুল কাদের
বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মাগুরা ও ১৫ ফেব্রুয়ারির নির্বাচন দেশের মানুষ আজও ভুলে যাননি। বিএনপি তাদের আমলে ভোট ডাকাতি করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছিল। আওয়ামী লীগের আমলে কলঙ্কিত ও প্রশ্নবিদ্ধ নির্বাচনের রেকর্ড নেই।
আজ (সোমবার) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন হবে ফ্রি অ্যান্ড ফেয়ার। সরকার নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে দায়িত্ব পালন করার জন্য সহযোগিতা করছে। এটাই সরকারের সিদ্ধান্ত, নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ হবে না।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন, তিনি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন চান। আওয়ামী লীগের নেতা হিসেবে জনগণের কাছে আমি নৌকায় ভোট চাইতে পারি। তবে জনগণ যাকে খুশি তাকে ভোট দিতে পারে। সেখানে (গাজীপুর) এখনও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
গাজীপুর থেকে তুলে নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন থানা থেকে গ্রেফতার দেখানো হচ্ছে দলটির এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এসব বিএনপির মিথ্যাচার। তারা অন্ধকারে ঢিল ছুড়েছে।
গাজীপুরে কারচুপি হলে ভয়াবহ পরিণতি হবে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির এই নেতা ২০০১ সালে সকাল ১০টায় সিরাজপুরের এক কেন্দ্রে গিয়ে জিজ্ঞাস করে এখনো ভোট শেষ হয় নি? যাদের নির্বাচনের রেকর্ড সকাল ১০টায় শেষ হয়। সে রকম কোনো রেকর্ড আওয়ামী লীগের নেই।
তিনি বলেন, নারায়ণগঞ্জে যেমন নির্বাচন হয়েছে কুমিল্লায় নির্বাচন হয়েছে, রংপুরে খুলনায় যেমন হয়েছে, ঠিক একইভাবে গাজীপুরেও নির্বাচন হবে।
গাজীপুর জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদকে প্রত্যাহার করতে বিএনপি যে দাবি জানিয়েছে তার সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এসপি হারুনের বিরুদ্ধে কোনো গুরুতর অভিযোগ পাওয়া যায়নি। তারপরও নির্বাচনের আগে কাউকে প্রত্যাহার করা নির্বাচন কমিশনের বিষয়।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৫