বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ ‘খাওয়া ভবনে' রূপান্তরিত হবে: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i59979-বিএনপি_ক্ষমতায়_গেলে_বাংলাদেশ_খাওয়া_ভবনে'_রূপান্তরিত_হবে_কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এক দিনেই বাংলাদেশ ‘খাওয়া ভবনে' রূপান্তরিত হবে। বাংলাদেশ রসাতলে যাবে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুলাই ১১, ২০১৮ ১৩:০১ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এক দিনেই বাংলাদেশ ‘খাওয়া ভবনে' রূপান্তরিত হবে। বাংলাদেশ রসাতলে যাবে।

আজ (বুধবার) দুপুরে রাজধানীর গুলশানে দলের নারী নেতৃত্বের ওপর আয়োজিত  একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, অক্টোবর মাসে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এ নির্বাচনে অংশ নিয়ে বিএনপিকে জনপ্রিয়তা যাচাইয়ের পরামর্শ দিয়েছেন ওবায়দুল কাদের। 

গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশে বলেন, ‘এক দিনের জন্য ক্ষমতা ছেড়ে দিয়ে দেখুন, কী অবস্থা হয় দেশের। সচিবকে দিয়ে নির্বাচন কমিশন চালাচ্ছে সরকার।’

বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের আজ বলেন, ‘এক দিনের জন্য বিএনপির হাতে ক্ষমতা ছেড়ে দিলে কী হবে বলুন? বাংলাদেশ রসাতলে যাবে। এক দিনেই বাংলাদেশে রক্তের নদী বয়ে যাবে। এক দিনেই বাংলাদেশ সন্ত্রাসের লীলাভূমি হয়ে যাবে। এক দিনেই বাংলাদেশ পুরোনো হাওয়া ভবন থেকে 'খাওয়া' ভবনে রূপান্তর হবে।’

ওবায়দুল কাদের আরও বলেন, সরকার জনবিচ্ছিন্ন কি জনসমর্থনপুষ্ট, তার প্রমাণ দিয়েছে সাম্প্রতিক খুলনা সিটি ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল।

বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে আসুন, জনপ্রিয়তা যাচাই হবে। জনগণ আমাদের ভোট না দিলে আমরা তো সরকারে আসতে পারব না। কাজেই জাতীয় নির্বাচনে অংশ নিয়ে পরীক্ষা নিতে পারেন। গাজীপুরে শিক্ষা হয়নি, খুলনায় শিক্ষা হয়নি। আর কত শিক্ষা চান?’

খালেদা জিয়ার কারামুক্তির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, তাঁকে দণ্ড দিয়েছেন আদালত। মুক্তিও দিতে পারেন আদালত। বিএনপির কথায় মনে হয়, আওয়ামী লীগই যেন তাঁকে আটকে রেখেছে। শেখ হাসিনা আটকে রেখেছেন। বিএনপিকে আইনি লড়াইয়ের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আইনি লড়াইয়ের কোনো বিকল্প নেই।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১১