ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে আমরা সৃষ্টির পতাকা ওড়াই: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i63531-ধ্বংসস্তুপের_উপর_দাঁড়িয়ে_আমরা_সৃষ্টির_পতাকা_ওড়াই_ওবায়দুল_কাদের
বাংলাদেশের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “আমরা শঙ্কার মধ্যেই এগিয়ে যাই। মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে আমরা জীবনের জয় গান গাই, ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে আমরা সৃষ্টির পতাকা ওড়াই—এটাই আওয়ামী লীগের ইতিহাস।” 
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
আগস্ট ১৫, ২০১৮ ০৮:৩১ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের (ফাইল ফটো)
    ওবায়দুল কাদের (ফাইল ফটো)

বাংলাদেশের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “আমরা শঙ্কার মধ্যেই এগিয়ে যাই। মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে আমরা জীবনের জয় গান গাই, ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে আমরা সৃষ্টির পতাকা ওড়াই—এটাই আওয়ামী লীগের ইতিহাস।” 

আজ (বুধবার) সকাল জাতীয় শোক দিবসে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, “আজ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনেই সীমিত থাকলে চলবে না। আমরা আজ বঙ্গবন্ধুর সততা, বঙ্গবন্ধুর সাহসের দৃষ্টান্ত যদি অনুসরণ করি, তাহলেই তার প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন করা হবে।”

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ‘পৃথিবীর অন্যতম নৃশংসতম হত্যাকাণ্ড’ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “পৃথিবীতে জুলিয়াস সিজার থেকে শুরু করে যত রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার মধ্যে সব থেকে নৃশংসতম, বর্বর ও পৈচাশিক হত্যাকাণ্ড হচ্ছে পঁচাত্তরের পনেরই আগস্টের এই হত্যাকাণ্ড। অন্যান্য রাজনৈতিক হত্যাকাণ্ডে অবলা নারী ছিল না, অবুঝ শিশু ছিল না, অন্তঃসত্ত্বা নারী ছিল না। কিন্তু এখানে ছিল।”

তিনি বলেন, “আজকের এই দিনে আমাদের শপথ হবে, শেখ হাসিনার নেতৃত্বে যে কোনো অপশক্তি, বিশেষ করে সাম্প্রদায়িক অপশক্তিকে আমরা জনগণকে সঙ্গে নিয়ে পরাজিত করব, প্রতিহত করব।”

‘খালেদা জিয়ার মুক্তি না হলে বিএনপি নির্বাচনে আসবে না’— বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় কাদের বলেন, “লিগ্যাল ব্যাটেলে যান। এখানে আওয়ামী লীগের কোনও বিষয় নেই, সরকারের কোনও বিষয় নেই। এটা আইনি প্রক্রিয়া।”

শিক্ষার্থীদের অরাজনৈতিক আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘যৌক্তিক আন্দোলনের যৌক্তিক দাবি মেনে নেয়ার মতো সৎসাহস প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে।’

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ‘শত ঝড় দুর্যোগ’ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে কাদের বলেন, “সরকারবিরোধী কোনো ধরনের আন্দোলন সফল হবে না। যে কোনো যৌক্তিক দাবি মেনে নেয়ার সৎ সাহস প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে।”#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৫

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন