সরকার হটাতে দেশ-বিদেশে নতুন চক্রান্ত শুরু হয়েছে: ওবায়দুল কাদের
বাংলাদেশ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা সংস্কার ও নিরাপদ সড়কের আন্দোলনের ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে, সরকার হটাতে এবার দেশ-বিদেশে নতুন চক্রান্ত শুরু হয়েছে।
আজ (শনিবার) দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরে এক তথ্য প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবির আন্দোলনে নিয়ে ‘গুজব সন্ত্রাস-অপপ্রচার: রুখে দাঁড়াও বাংলাদেশ’ শীর্ষক এ তথ্য প্রদর্শনীর আয়োজন করে।
ওবায়দুল কাদের অভিযোগ করেন, "বিএনপি গোপনে গোপনে দেশে-বিদেশে বৈঠক করছে। তবে, এ ব্যাপারে আমরা যথেষ্ট সতর্ক ও প্রস্তুত আছি। নির্বাচন প্রক্রিয়া সংবিধান অনুযায়ীই হবে। এ থেকে সরে আসার কোনো সুযোগ আগামী নির্বাচনের আগে নেই।"
ওবায়দুল কাদের বলেন, "আমরা এখন প্রস্তুত। আমরা জানি, আরও এরকম আন্দোলন করার চক্রান্ত হচ্ছে। গোপনে গোপনে বৈঠক হচ্ছে দেশে-বিদেশে। এ ব্যাপারে আমরা যথেষ্ঠ সতর্ক ও প্রস্তুত আছি। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের অফিস সক্রিয় থাকে। প্রতিদিন আমরা পরিস্থিতির মূল্যায়ন করি। কোনও বিষয়ে আমাদের যদি ঘাটতি থাকে নেত্রীর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেই এবং এগিয়ে যাই।"
সেতুমন্ত্রী বলেন, "আমাদের পার্টি এখন রিঅ্যাকটিভ পার্টি, প্রোঅ্যাকটিভ পার্টি। আমাদের পার্টি যদি প্রোঅ্যাকটিভ না হতো তাহলে আমরা হেরে যাওয়া চারটি সিটি করপোরেশন নির্বাচনে জিততে পারতাম না।"
তিনি বলেন, "কোটা আন্দোলনের ওপর বিএনপি ও তার সাম্প্রদায়িক দোসররা ভর করেছিল। লন্ডন থেকে নির্দেশনা এসেছে। ভয়ঙ্কর আরও কিছু হতে পারত কিন্তু সরকার নাইসলি পরিস্থিতি হ্যান্ডেল করেছে এবং সেটা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।"
সাম্প্রতিক ছাত্র আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, "একটি অরাজনৈতিক আন্দোলনকে সর্বাত্মক রাজনৈতিক আন্দোলনে রূপ দেয়ার চেষ্টাকে মোকাবেলা করতে সরকারি দল হিসেবে আওয়ামী লীগ যা করার তাই করেছে। প্রধানমন্ত্রী ধৈর্য ধরতে বলেছেন। তিনি বলেছেন, উত্তেজিত হওয়া চলবে না। তিনি সৎসাহস নিয়ে হিংসাত্মক রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন মোকাবিলা করেছেন।"
ছাত্রদের ধৈর্য সহকারে অপেক্ষা করার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, "প্রধানমন্ত্রীকে আমি চিনি। প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা হবে। তোমরা বেপরোয়া যাত্রী হবে না। বেপরোয়া পথচারী হবে না। এই অবস্থারও পরিবর্তন দরকার।"
প্রদর্শনীতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য সচিব হাছান মাহমুদ। অনুষ্ঠান পরিচালনা করেন দলের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৮
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন