গ্রেনেড হামলা মামলার রায় হলে বিএনপি নতুন করে সংকটে পড়বে: কাদের
-
ওবায়দুল কাদের
২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলা মামলার রায় হলে বিএনপি নতুন করে সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ (শুক্রবার) সকালে মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী ও মরহুম প্রেসিডেন্ট জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা জানিয়ে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি সরকারের প্রত্যক্ষ মদদে, হাওয়া ভবনের সরাসরি পরিকল্পনা ও নির্দেশনায় সেদিন ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। এখন এই মামলার রায় হচ্ছে, এজন্য সবাই খুশি। বিএনপি কেবল অখুশি। সেপ্টেম্বরে রায় হওয়ার একটা সম্ভাবনা আছে। এ কথা শুনে বিএনপি চিন্তিত। তারা জড়িত বলে তাদের এই গাত্রদাহ। কারণ রায় বের হলে তারা নতুন করে সংকটে পড়বে। তারা এমনিতেই সংকটে রয়েছে।’
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, ১৫ আগস্টের মতো ২১ আগস্ট গ্রেনেড হামলায়ও জিয়া পরিবার জড়িত। রায়ের আগে প্রধানমন্ত্রীর এ বক্তব্য রায়ে প্রভাব ফেলবে বিএনপির এমন বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমি তো বুঝতে পারলাম না, কিভাবে প্রভাব পড়বে? আমিসহ ৫০০ জন তো এখনও পঙ্গু। কেউ অর্ধপঙ্গু, কেউ পুরোপঙ্গু। এই হত্যাকাণ্ডের কি বিচার হবে না? বিএনপি তো আলামত পুড়িয়ে ফেলেছিল। এফবিআইকে তদন্ত করতে দেয়নি। স্কটল্যান্ড ইয়ার্ডকে আসতে দেয়নি। জজমিয়া নাটক সাজিয়েছিল। এই নির্মম হত্যাকাণ্ডের, এই নৃশংস গ্রেনেড হামলা যা রক্তস্রোত বইয়ে দিয়েছিল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে- এর বিচার তো তারা করেনি। প্রহসনমূলক একটা তদন্ত কমিটি করেছিল। সেই তদন্ত কমিটির রিপোর্ট ছিল হাস্যকর।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তৎকালীন সরকার এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। কারণ তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। হত্যাকারী যেই হোক, যত প্রভাবশালী হোক, ক্ষমা পাবে না। বিচারের রায় আমরা প্রভাবিত করতে চাই না। নিরপেক্ষভাবে বিচার হবে। বিচারে যারাই দোষী সাব্যস্ত হবে, শাস্তি তাদের পেতেই হবে।’
২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী জনসভায় গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিন দিন পর ২৪ আগস্ট আইভি রহমান মারা যান। এ হামলায় ২৪ জন নিহত হয়েছিলেন। এ ছাড়া এই হামলায় আরো ৫০০ জন আহত হন। আহতদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। তাঁদের কেউ কেউ আর স্বাভাবিক জীবন ফিরে পাননি।
গত ১৯ আগস্ট আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা হত্যা মামলার বিচারিক আদলতের রায় দেওয়া সম্ভব হবে। রায়টি হলে দেশ আরো একটি দায় থেকে মুক্তি পাবে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৪