বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ বিরোধীদল বিএনপি: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i63972-বাংলাদেশের_ইতিহাসে_সবচেয়ে_ব্যর্থ_বিরোধীদল_বিএনপি_ওবায়দুল_কাদের
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে বিএনপি বর্তমান সরকারের পদত্যাগ এবং খালেদা জিয়ার মুক্তির যে দাবি করছে তা প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রথম বিষয়টি সংবিধানসম্মত নয় আর দ্বিতীয় বিষয়টি আইনি বিষয়। আজ (শনিবার) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে এক সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০১৮ ১৮:৫৫ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে বিএনপি বর্তমান সরকারের পদত্যাগ এবং খালেদা জিয়ার মুক্তির যে দাবি করছে তা প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রথম বিষয়টি সংবিধানসম্মত নয় আর দ্বিতীয় বিষয়টি আইনি বিষয়। আজ (শনিবার) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে এক সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এর আগে বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের সরকারের পদত্যাগ ও কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।

এ দাবি নাকচ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, “তারা যদি মামলা মোকাবিলা করে আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়াকে মুক্ত করে আনতে পারে, ওয়েলকাম। সরকার যদি বাধা দিতো, সরকার যদি বিচার বিভাগকে প্রভাবিত করতে চাইতো, তাহলে খালেদা জিয়া এত মামলা থেকে জামিন পেতেন না। প্রায় ৩০টি মামলায় তিনি জামিন পেয়েছেন, সরকার যদি হস্তক্ষেপ করতো তাহলে কিভাবে এসব মামলা থেকে জামিন পেলেন। সেই মামলার জন্যও আপনারা আইনি প্রক্রিয়ায় যান, গ্যারান্টি দিয়ে বলতে পারি, সরকারের পক্ষ থেকে খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা হবে না।”

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে বিএনপি সরকারের যে পদত্যাগের দাবি করেছে, তা নাকচ করে দিয়ে কাদের বলেন, “সরকারের দশ বছর হয়ে গেল, এই দশ বছরে বারবার আন্দোলনের ডাক দিয়েছে, সবই সর্বাত্মক আন্দোলনের ডাক ছোটখাট আন্দোলনের ডাক নয়। খালেদা জিয়াও সর্বাত্মক আন্দোলনের ডাক দিয়েছিলেন, এর সঙ্গে বাস্তবতা কতটুকু, এটা আপনারা জানেন। দশ বছরে একটি দিনও সরকারের ওপর চাপ সৃষ্টি করার মতো কোন আন্দোলন বিএনপি নামক বিরোধী দল করতে পারেনি। বাংলাদেশের ইতিহাসে এতো ব্যর্থ অপজিশন, এতো ব্যর্থ বিরোধী দল আর এসেছে বলে কারো জানা নেই। তারপরও কিভাবে দাবি করে? এই ব্যর্থতার জন্য টম টু বটম বিএনপির সকল নেতার পদত্যাগ করা উচিত।” 

২০১৩-১৪ সালের মতো বিএনপি আবার আন্দোলনে গেলে সরকারের ভূমিকা কী হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাবে, সেই দিন চলে গেছে। ২০০১, ২০১৪ রঙিন খোয়াবে থাকতে পারে, বাস্তবে আর ফিরে আসবে না।

বিএনপির রাজনীতির কড়া সমালোচনা করে দলটির প্রতি এ সময় তিনটি প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধুর খুনিদের বাঁচাতে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিল তৎকালীন জিয়া সরকার, আর ক্ষমতায় থাকাবস্থায় বিনা খরচে সাবমেরিন বসানোর প্রস্তাবও প্রত্যাখ্যান করেছিল দলটি, সবশেষ খালেদা জিয়ার রায়ের আগে কেন তড়িঘড়ি করে দলের গঠনতন্ত্রের ৭ ধারা বাতিল করেছে বিএনপি? তাও জানতে চান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এই তিনটি বিষয় বিএনপিকে ভোট পেতে হলে জাতির কাছে ব্যাখ্যা দিতে হবে, ক্লিয়ার করতে হবে। তার আগে এই দলের সঙ্গে রিলেশন সম্ভব না।’

ওবায়দুল কাদের জানান, নির্বাচনকে কেন্দ্র করে জোট সম্প্রসারণের প্রক্রিয়া চলছে, আগামী এক মাসের মধ্যেই তা দৃশ্যমান হবে। এক্ষেত্রে শরিক দলগুলোকে ৬৫-৭০টি আসন ছেড়ে দেয়া হবে বলেও জানান তিনি।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১