‘জগাখিচুড়ি মার্কা ঐক্য’ টিকবে বলে মনে হয় না: ওবায়দুল কাদের
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাবেক প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বের নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠনসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে গড়ে ওঠা বৃহত্তর জাতীয় ঐক্যকে ‘জগাখিচুড়ি মার্কা ঐক্য’ হিসেবে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ (সোমবার) সকালে কক্সবাজার শহরের কলাতলীতে একটি বেসরকারি পর্যটন হোটেল উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, “আওয়ামী লীগের সড়কযাত্রায় অবিশ্বাস্য জনস্রোত দেখে বিএনপির জ্বালা শুরু হয়ে গেছে। অন্তর্জ্বালা-হতাশা থেকে তারা আবোল-তাবোল বকছে। আর বৃহত্তর যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে, সে ঐক্য টিকবে বলে আমার মনে হয় না।”
ওবায়দুল কাদের বলেন, “আওয়ামী লীগের রেলযাত্রা, সড়কযাত্রা অকল্পনীয়। এসব যাত্রায় জনস্রোত দেখে বিএনপি হতাশ হয়ে পড়েছে। এই হতাশা থেকে ইনিয়ে বিনিয়ে কথা বলছে। এসব নিয়ে আমাদের মাথাব্যথা নেই।”
পার্সটুডে/আশরাফুর রহমান/২৪