বিএনপি এখন ঘরে ঢুকে গেছে- কাদের : আমাদেরকে রাস্তায় নামতেই হবে- দুদু
https://parstoday.ir/bn/news/bangladesh-i64561-বিএনপি_এখন_ঘরে_ঢুকে_গেছে_কাদের_আমাদেরকে_রাস্তায়_নামতেই_হবে_দুদু
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার পাঁচমিশালি নেতৃত্বে জনগণের আস্থা নেই’
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০১৮ ১৫:২১ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার পাঁচমিশালি নেতৃত্বে জনগণের আস্থা নেই’

আজ (মঙ্গলবার) দুপুরে নোয়াখালীর কবিরহাটে স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর বাসভবনে এক নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী প্রশ্ন তুলেছেন, ‘এই যে ১০ দল, ২০ দল তাদের নেতা কে? নেতৃত্ব দেবে কে? নেতা ছাড়া কি কোনো আন্দোলন হবে?’

ওবায়দুল কাদের আরো বলেন, ‘বিএনপি এখন ঘরে ঢুকে গেছে। তারা এখনো তাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে কোনো আন্দোলন করতে পারেনি। তারা নির্বাচন নিয়ে কী আন্দোলন করবে?’

তিনি বলেন, ‘বিএনপি এক সময় 'হাওয়া ভবন' সৃষ্টি করে লুটপাট করেছিল। এখন পুনরায় চক্রান্তের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। তাদের এবারের উদ্দেশ্য হলো 'খাওয়া ভবন' সৃষ্টি করা। বাংলার জনগণ তাদের এই অপতৎপরতা সফল হতে দেবে না।’

শামসুজ্জামান দুদু

এদিকে, বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘জালিম সরকার ক্ষমতায় আছে তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে রাস্তায় নামতেই হবে যদি ভোটের অধিকার গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হয়।'

আজ (মঙ্গলবার) জাতীয় প্রেস ক্লা‌বে 'জাতীয়তাবা‌দী প্রজন্ম ৭১' -এর এক সমা‌বে‌শে আলোচকের বক্তৃতায় দুদু বলেন, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণের ঐক্য দেখে সরকারের লোকজন জ্বরের ঘোরে প্রলাপ বকতে শুরু করেছে।

গতকাল নিউয়র্কে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে দুদু বলেন,  প্রধানমন্ত্রী বলেছেন- খুনি ও অর্থপাচারকারী এক হয়েছে। তার বক্তব্যের সংশোধন হবে খুনি ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ হয়েছে।’#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৫