নৌকার পক্ষে ভোট দেওয়ার ওয়াদা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i66547-নৌকার_পক্ষে_ভোট_দেওয়ার_ওয়াদা_চাইলেন_প্রধানমন্ত্রী_শেখ_হাসিনা
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দলের প্রতীক নৌকার পক্ষে ভোট দেওয়ার ওয়াদা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ডিসেম্বর ১৩, ২০১৮ ১৩:৩৩ Asia/Dhaka
  • নির্বাচনী প্রচার অভিযানে শেখ হাসিনা।
    নির্বাচনী প্রচার অভিযানে শেখ হাসিনা।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দলের প্রতীক নৌকার পক্ষে ভোট দেওয়ার ওয়াদা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (বৃহস্পতিবার) সকালে নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া থেকে সড়কপথে ফরিদপুর হয়ে ঢাকা ফেরার পথে বিভিন্ন  পথসভায় অংশ নিয়ে তিনি নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান।

প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আগামীতে কেউ যাতে আপনাদের ভোট ছিনিয়ে নিতে না পারে, সেজন্য নৌকায় ভোট দিন। আমি ওয়াদা চাই, আপনারা ভোট দেবেন। আমিও ওয়াদা দিচ্ছি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। ’জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদককে কোনো রকম প্রশ্রয় দেওয়া হবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জঙ্গিবাদ বন্ধ করেছি। এখন যুদ্ধ মাদকের বিরুদ্ধে। মাদকের সাথে যাদের সম্পর্ক, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে।’

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবার সরকার গঠন করার সুযোগ দিন। আওয়ামী লীগ সরকারে না থাকলে সব উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে। দেশে পিছিয়ে যাবে।’ আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে পদ্মা সেতুর কাজ বন্ধ হয়ে যেতে পারে বলেও আশংকা ব্যক্ত করেন শেখ হাসিনা। গত ১০ বছরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি আরও বলেন, আওয়ামী লীগ আবার সরকার গঠন করলে প্রতিটি ঘরে বিদ্যুত পৌঁছে দেওয়া হবে।

সড়ক পথে ফেরার সময় রাজবাড়ী রাস্তার মোড়, পাটুরিয়া ঘাট, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, ধামরাই রাবেয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল প্রাঙ্গণ ও সাভার বাসস্ট্যান্ডে নির্বাচনী প্রচার চালাবেন প্রধানমন্ত্রী। 

গতকাল বুধবার গোপালগঞ্জে নিজ নির্বাচনী এলাকার কোটালীপাড়ায় জনসভার মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন শেখ হাসিনা। #

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার/১৩