এপ্রিল থেকে অনিয়মের বিরুদ্ধে ১৪ দলের সামাজিক আন্দালন: নাসিম
https://parstoday.ir/bn/news/bangladesh-i69214-এপ্রিল_থেকে_অনিয়মের_বিরুদ্ধে_১৪_দলের_সামাজিক_আন্দালন_নাসিম
বাংলাদেশে সড়ক দুর্ঘটনা, নারী নির্যাতন, মাদক, অবৈধ অনুমোদনসহ অনিয়মের বিরুদ্ধে সামাজিক আন্দালন গড়ে তুলবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। এপ্রিল মাস থেকে এই সামাজিক আন্দোলনের কর্মসূচি নেয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৯, ২০১৯ ১১:২২ Asia/Dhaka
  • ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম
    ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম

বাংলাদেশে সড়ক দুর্ঘটনা, নারী নির্যাতন, মাদক, অবৈধ অনুমোদনসহ অনিয়মের বিরুদ্ধে সামাজিক আন্দালন গড়ে তুলবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। এপ্রিল মাস থেকে এই সামাজিক আন্দোলনের কর্মসূচি নেয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

আজ (শুক্রবার) সকালে জাতীয় প্রেসক্লাবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানান তিনি। বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।

Image Caption

মোহাম্মদ নাসিম বলেন, বনানীর আগুনে এতগুলো প্রাণ ঝরে গেলো। সড়কে দুর্ঘটনায় মানুষের জীবন যাচ্ছে। ভবনের অবৈধ অনুমোদন কারা দিয়েছে, সড়কে অনিয়মের সঙ্গে কারা জড়িত। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত আছে, সড়কের অনিয়ম দূর করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ কারা মানে না। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

অনিয়মে জড়িতরা বিএনপি-জামায়াতের চেয়েও ভয়ঙ্কর উল্লেখ করে তিনি বলেন, বিএনপি-জামায়াত যদি ভয়ঙ্কর হয় এরা তাদের চেয়েও ভয়ঙ্কর। এদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বিএনপি-জামায়াতের বিরুদ্ধেও লড়বো, এদের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তুলবো।

নাসিম জানান, ১৪দল সিদ্ধান্ত নিয়েছি সড়কের অনিয়ম, নারী ও শিশু নির্যাতন, মাদক, ভবনের অবৈধ অনুমোদনসহ সব অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলবো। ১৪ দলের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে এপ্রিল মাসে এমন অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন কর্মসূচি ঘোষণা করবো। তা না হলে সরকারের সব অর্জন নষ্ট হয়ে যাবে।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

এদিকে, ভবন মালিকের লোভের কারণে এফআর টাওয়ারে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ (শুক্রবার) দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ওয়ার্ল্ড কমিউনিটিকেটরস কাউন্সিলে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন তৈরী করা ও অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকার কারণেই এমন দুর্ঘটনা ঘটে। তাই ভবন নির্মাণে সবক্ষেত্রে বিল্ডিং কোড মেনে চলা ও অগ্নিনির্বাপন ব্যবস্থা রাখতে হবে। এ সময়, অগ্নিকাণ্ড নিয়ে বিএনপিকে রাজনীতি না করার আহবানও জানান তিনি।#

পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/২৯