হরমুজ প্রণালির অনিরাপত্তা মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের ফল: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/event-i163414-হরমুজ_প্রণালির_অনিরাপত্তা_মার্কিন_ইসরায়েলি_আগ্রাসনের_ফল_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, হরমুজ প্রণালিতে বিরাজমান অনিরাপত্তা এবং সামুদ্রিক নৌ চলাচলে বিঘ্নের সরাসরি কারণ হলো যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ড।
(last modified 2026-09-26T09:03:06+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১৫:০৩ Asia/Dhaka
  • আরাকচি
    আরাকচি

পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, হরমুজ প্রণালিতে বিরাজমান অনিরাপত্তা এবং সামুদ্রিক নৌ চলাচলে বিঘ্নের সরাসরি কারণ হলো যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ড।

নিউ ইয়র্কে শুক্রবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাকচি বলেন, কোনো দেশকে বোমা হামলা করা, ধ্বংসের হুমকি দেওয়া, সমুদ্র অবরোধ এবং বিভিন্ন জবরদস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পর স্বাভাবিকভাবেই নিরাপত্তা ও নৌ চলাচল পুনরুদ্ধার হবে- এমন প্রত্যাশা করা যায় না।

তিনি বলেন, ইরান আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং কূটনীতির প্রতি তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। পরমাণু সমঝোতা (জেসিপিওএ) সম্পাদন ও বাস্তবায়ন এবং গত দুই বছর ধরে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার মাধ্যমে ইরান এই অঙ্গীকারের প্রমাণ দিয়েছে।

আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র এর বিপরীত পথ বেছে নিয়েছে- আগ্রাসন, হুমকি, হত্যাকাণ্ড, অর্থনৈতিক যুদ্ধ এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি প্রকাশ্য অবজ্ঞা। তিনি বলেন- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী আগ্রাসনে পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে শত শত নারী ও শিশু রয়েছেন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন অর্থনৈতিক বঞ্চনাকে সম্মিলিত শাস্তি ও রাজনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এটি কূটনীতি নয়; বরং জবরদস্তি ও অর্থনৈতিক সন্ত্রাস এবং আন্তর্জাতিক বিচার আদালতের ২০১৮ সালের ৩ অক্টোবরের বাধ্যতামূলক অন্তর্বর্তী আদেশের সরাসরি লঙ্ঘন।#

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।