৩০ এপ্রিলের মধ্যে বিএনপির বাকিরাও শপথ নেবেন: আশাবাদ হানিফের
https://parstoday.ir/bn/news/bangladesh-i69866-৩০_এপ্রিলের_মধ্যে_বিএনপির_বাকিরাও_শপথ_নেবেন_আশাবাদ_হানিফের
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বাকিরা ৩০ এপ্রিলের মধ্যে সংসদে শপথ নেবেন বলে আশা করছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, বিএনপির একজন গতকাল (বৃহস্পতিবার) শপথ নিয়েছেন। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ৩০ এপ্রিলের মধ্যে বাকিরাও শপথ নেবেন বলে আশা করি।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ২৬, ২০১৯ ১১:২৩ Asia/Dhaka
  • মাহবুব-উল আলম হানিফ
    মাহবুব-উল আলম হানিফ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বাকিরা ৩০ এপ্রিলের মধ্যে সংসদে শপথ নেবেন বলে আশা করছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, বিএনপির একজন গতকাল (বৃহস্পতিবার) শপথ নিয়েছেন। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ৩০ এপ্রিলের মধ্যে বাকিরাও শপথ নেবেন বলে আশা করি।

আজ (শুক্রবার) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন হানিফ।

মির্জা ফখরুলের উদ্দেশে তিনি বলেন, আপনি কথায় কথায় গণতন্ত্রের কথা বলেন, কিন্তু যে জনগণ আপনাকে ভোট দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা দেখাতে পারছেন না। সেই জনগণ থেকে সফলতা নিয়ে তাদের আপনি অবজ্ঞা করছেন। যদি ভেবে থাকেন শপথ না নিয়েই এভাবেই দায়িত্ব পালন করবেন তাহলে ভুল হবে। তাহলে জনগণ আপনাদের আর ভোট দেবে না।

দেশের অগ্রগতি ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান হানিফ। তিনি বলেন, শেখ হাসিনা দেশের মানুষের কাছে আস্থার একটি জায়গা। দেশের সব মানুষ বিশ্বাস করে, তিনি ছাড়া এ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মত কেউ নেই। তাই দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।

আনিসুল হক

এদিকে, বিএনপি থেকে যারা সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন, তাদের দল থেকে বহিষ্কার করা হলেও সংসদ সদস্য পদে কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, সংবিধানে বলা হয়েছে, কেউ যদি দলের বিপক্ষে জাতীয় সংসদে ভোট দেন বা দল থেকে পদত্যাগ করেন, তাহলে তার সংসদ সদস্যপদ বাতিল হবে। দল বহিষ্কার করলে তাদের সদস্যপদ বাতিল হবে না।

আজ (শুক্রবার) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার চারগাছ এনআই ভূইয়া ডিগ্রি কলেজের চারতলা একাডেমিক ভবন উদ্বোধনের পর, সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।

সবকিছুতেই বিএনপি সরকারের ছায়া খুঁজছে বলে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি মহাসচিব জনগণকে এমনকি তার দলের লোকজনকেও সম্মান করতে জানেন না। জনগণের প্রতিশ্রুতি রক্ষা করতে দলটির একজন নির্বাচিত সংসদ সদস্য শপথ নিয়েছেন। এতে সরকারের ছায়া খুঁজছে বিএনপি। তারা সবকিছুতেই সরকারের ছায়া খোঁজে।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৬