৫০ লাখ মানুষকে আর্থিক সহায়তা নিয়ে 'বাটপারি' চলছে: রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i79995-৫০_লাখ_মানুষকে_আর্থিক_সহায়তা_নিয়ে_'বাটপারি'_চলছে_রিজভী
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ৫০ লাখ মানুষকে আর্থিক সহায়তা নিয়ে ‘বাটপারি’ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (সোমবার) রাজধানীর শংকরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের তত্ত্বাবধানে ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা বলেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ১৮, ২০২০ ১২:১৭ Asia/Dhaka
  • রুহুল কবির রিজভী
    রুহুল কবির রিজভী

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ৫০ লাখ মানুষকে আর্থিক সহায়তা নিয়ে ‘বাটপারি’ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (সোমবার) রাজধানীর শংকরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের তত্ত্বাবধানে ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা বলেন।

বিএনপির এ নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০ লাখ মানুষকে আর্থিক সহায়তা করবেন। এখানেও চলছে বাটপারি। ৪০ জনের টাকা যাবে একজনের বিকাশ নাম্বারে। এবং সেটা মেম্বারের একজন লোকের। তাই তো দেখা যাচ্ছে গরিব মানুষের নাম নেই। এখনেও গরিব অসহায় মানুষ বঞ্চিত হচ্ছে। সব তাদের আত্মীয়-স্বজনের নাম। তাহলে যারা গরিব মানুষের টাকা চুরি করে আত্মসাৎ করে এরা কী মানুষ? এদের জনগণের প্রতি কোনো মায়া থাকতে পারে না। এদের মানুষের প্রতি কোনো দরদ নেই বলেই আজকে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

চিকিৎসা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে। সরকার স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দিয়েছে। নেতাকর্মীদের পকেট ভারী করার জন্য তারা ফ্লাইওভার করছে। তৈরি করেছে ক্যাসিনো।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি সারা দেশের অসহায় দুস্থ কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে। এজন্য প্রতিহিংসায় ভুগছে সরকার। এ কারণে আমাদের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে, গুম করা হচ্ছে। এটা কোনো সরকারের নিদর্শন হতে পারে না। যারা ফ্যাসিবাদী, স্বৈরাচার, মানুষের কথা শুনতে পারে না তারা এ ধরনের জঘন্য কাজ করতে পারে।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে বিএনপির নেতাকর্মীরা ত্রাণ কাজ অব্যাহত রেখেছে। অথচ জনগণের টাকা নিয়ে নয় ছয় করছে সরকার। শুধু আওয়ামী লীগের লোকেরাই ত্রাণ আত্মসাৎ করছে না, প্রশাসনের লোকও এতে জড়িত। তারা মনে করে, সরকারকে ক্ষমতায় বসিয়েছি আমরা। চুরি করলেও সরকার আমাদের কিছু বলতে পারবে না। জনগণের ত্রাণ আওয়ামী লীগের তথাকথিত মেম্বার, চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীদের বাড়িতে পাওয়া যাচ্ছে। এই হলো সরকারের মানবতা।

এ সময় বিএনপির সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।