দেশের মানুষ কুকুর-বিড়ালের মতো নির্মমভাবে মৃত্যুবরণ করছে: রিজভীর অভিযোগ
https://parstoday.ir/bn/news/bangladesh-i80104-দেশের_মানুষ_কুকুর_বিড়ালের_মতো_নির্মমভাবে_মৃত্যুবরণ_করছে_রিজভীর_অভিযোগ
বিএনপি অভিযোগ করেছে, হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের ন্যূনতম্য চিকিৎসা মিলছে না। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে কোনো বেড নাই।  চিকিৎসার জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটতে গিয়ে পথেই মারা যাচ্ছে মানুষ।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ২২, ২০২০ ১৪:১৭ Asia/Dhaka
  • দুঃস্থ ও দরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণের অনুষ্ঠানে রুহুল কবির রিজভী
    দুঃস্থ ও দরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণের অনুষ্ঠানে রুহুল কবির রিজভী

বিএনপি অভিযোগ করেছে, হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের ন্যূনতম্য চিকিৎসা মিলছে না। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে কোনো বেড নাই।  চিকিৎসার জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটতে গিয়ে পথেই মারা যাচ্ছে মানুষ।

আজ (শুক্রবার) সকালে রাজধানীর উত্তরার ৪৭ নম্বর ওয়ার্ডে মহানগর উত্তরের যুগ্ম সম্পাদক এম কফিলউদ্দিনের উদ্যোগে দুঃস্থ ও দরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণের অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।

বিএনপির এই নেতা বলেন, ‘করোনায় আক্রান্ত হলে অক্সিজেন সবচাইতে বেশি প্রয়োজন হয়। সেই অক্সিজেন সিলিন্ডার বাংলাদেশের ৯০ শতাংশ হাসপাতালে নেই, অক্সিজেন মাস্ক যেটা দরকার সেটা ৮০ শতাংশ হাসপাতালে নেই, অক্সিজেন ফুসফুসে নিয়ে যাওয়ার জন্য যে মেশিনটি দরকার সেটা ৬৯ শতাংশ হাসপাতালে নেই। এ অবস্থায় এভাবে এ দেশের মানুষ কুকুর-বিড়ালের মতো নির্মমভাবে মৃত্যুবরণ করছে।’

করোনায় আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান গুম হচ্ছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘সরকারি হিসেবে এ দেশে ২৮ হাজারের উপরে করোনায় আক্রান্ত এবং ৪০২ জন মারা গেছেন। আর যারা মেডিকেল গবেষণা করে, বড় বড় ডাক্তাররা বলেছেন, সরকার যে হিসাব দিচ্ছে তার থেকে ১০ গুণ থেকে ৪০ গুণ মানুষ আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে। সরকার অনেক পরিসংখ্যান গুম করছেন, প্রকাশ হতে দিচ্ছেন না।’

সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) স্বাস্থ্যখাতে কম বরাদ্দ দেওয়া সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ‘এবার এডিপিতে স্বাস্থ্যখাতের বরাদ্দ ৭ নম্বরে। গত বছর ছিল ১০ হাজার কোটি টাকার একটু বেশি। এবার ১৩ হাজার কোটি টাকা। তাহলে মানুষকে বাঁচানো, মানুষের কল্যাণের কোনো কাজ এই সরকার করেননি, তার ওই দিকে কোনো নজর নেই। কিভাবে টাকা বেশি আসবে এবং কিভাবে তার দলের নেতাকর্মীদের পকেট ভরবে এই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য।’#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।