করোনায় মৃত্যু ও আক্রান্ত বাড়ছে বাংলাদেশে, সিনিয়র বিএনপি নেতার মৃত্যু
https://parstoday.ir/bn/news/bangladesh-i88922-করোনায়_মৃত্যু_ও_আক্রান্ত_বাড়ছে_বাংলাদেশে_সিনিয়র_বিএনপি_নেতার_মৃত্যু
বাংলাদেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মাঝে খোদ  স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম এবং  স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) ডা. মিজানুর রহমানও করোনায় আক্রান্ত হয়েছেন।  
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
মার্চ ২০, ২০২১ ১৭:৩৪ Asia/Dhaka
  • করোনায় মৃত্যু ও আক্রান্ত বাড়ছে বাংলাদেশে, সিনিয়র বিএনপি নেতার মৃত্যু

বাংলাদেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মাঝে খোদ  স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম এবং  স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) ডা. মিজানুর রহমানও করোনায় আক্রান্ত হয়েছেন।  

তাছাড়া,  টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ এমপি ও তার স্ত্রী মাসকুরা হোসাইন দীনা।

এদিকে, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী করোনা আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে( সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার বেলা ১১টা ১৫ মিনিটে মারা গেছেন। 

 

অপরদিকে, টানা দুই দিন ধরে দেশে করনা শনাক্তের হার ১০ শতাংশের ওপরে লক্ষ্য করা যাচ্ছে। গতকাল শুক্রবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৮ হাজার ৯১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক শূন্য ৪ শতাংশ। এ  নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট ৮ হাজার ৬৪২ জনের মৃত্যু হলো। 

বিশেষজ্ঞরা  বলছেন,  দেশে করোনার আর একটি  ঢেউ  শুরু হয়েছে। হাসপাতালে রোগীদের ভিড় বাড়ছেই। ঢাকায় কোভিড-১৯ রোগীদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শয্যা জোগাড় করতে রোগীর স্বজনদের হিমশিম খেতে হচ্ছে। 

এই পরিস্থিতিতে মানুষ স্বাস্থ্যবিধি না মানলে প্রয়োজনে আইন প্রয়োগ করে মোবাইল কোর্ট  বসিয়ে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। 

দেশে আবারও করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের হার বেড়ে যাবার কারণে দেশবাসীকে সভা-সমাবেশ, বাইরে চলাফেরা ও বেড়ানো সীমিত করার জন্য আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

বৃহস্পতিবার ( ১৮ মার্চ) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন নিলেই কিন্তু আপনি সুরক্ষিত হয়ে গেলেন না, ওটাও মানবদেহে  কার্যকর হতে সময় নিবে। কাজেই আমাদেরকে অপেক্ষা করতে হবে। 

লক-ডাউন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে চললে লক-ডাউন প্রয়োজন হবে না। তবে কিছু পরামর্শ সরকারকে আমরা দিয়েছি। আমরা নয়, লক-ডাউন দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

এদিকে দেশে করোনা সংক্রমণ যে আবার বাড়ছে সেটিকে অনেকে আমলে নিচ্ছে না। করোনার মধ্যে অমর একুশে বইমেলা চালু হয়েছে। সেখানেও স্বাস্থ্যবিধি মানছেন না কেউ। প্রতিদিনই বিভিন্ন সভা-সেমিনার, ওয়াজ  মাহফিল হচ্ছে,  বসছে গ্রামীণ মেলাও। হাটবাজারে মানুষের সমাগম বাড়ছে। 

মানুষের এমন আচরণে ক্ষুব্ধ দেশের চিকিত্সকরা। তারা বলেন, স্বাস্থ্যবিধি মানাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে। একই সঙ্গে এই কর্মকাণ্ডে দেশের সব জনপ্রতিনিধিকে সম্পৃক্ত করতে হবে। 

এ প্রসঙ্গে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বে-নজির আহমেদ বলেছেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাস্ক ব্যবহার, হাত ধোঁয়া, আর রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে বিধি নিষেধ মেনে চলতে হবে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই সরকারকে কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হবে।#

পার্সটুডে/ARK/MAH/20

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।