আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাকচির ফোনালাপ
গাজায় গণহত্যা বন্ধ করতে ‘দ্রুত ও কার্যকর’ ব্যবস্থা নিন
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যা অভিযান বন্ধ করতে আন্তর্জাতিক সমাজকে ‘দ্রুত ও কার্যকর’ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মিশেল মার্টিনের সঙ্গে এক ফোনালাপে আরো বলেছেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরান পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা প্রশমন করতে চায়।”
তবে তিনি একথাও বলেন যে, ইহুদিবাদী ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকার জর্দান নদীর পশ্চিম তীরসহ অন্যান্য অঞ্চলেও সহিংসতা ছড়িয়ে দিতে চায়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন যদি ইসরাইলের সঙ্গে কোনো যুদ্ধবিরতি মেনে নেয় তবে তার প্রতি ইরানের পূর্ণ সমর্থন থাকবে। তিনি দ্বিপক্ষীয় সম্মানের ভিত্তিতে আয়ারল্যান্ডের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করারও আগ্রহ প্রকাশ করেন।
ফোনালাপে আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা বিস্তারে উদ্বেগ প্রকাশ করে বলেন, তার দেশ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চায়। সেইসঙ্গে আয়ারল্যান্ড মনে করে, ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে দ্রুত বন্দি বিনিময় হোক এবং গাজা উপত্যকায় ব্যাপক হারে মানবিক ত্রাণ প্রবেশ করুক। তিনি সকল পক্ষকে সংযম প্রদর্শন করার আহ্বান জানান।#
পার্সটুডে/এমএমআই/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।