রিয়াদে ত্রিদেশীয় বৈঠক
চীনের মধ্যস্থতায় সই হওয়া চুক্তিতে অনুগত থাকবে ইরান ও সৌদি আরব
চীনের মধ্যস্থতায় ২০২৩ সালের মে মাসে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চুক্তি হয়েছিল তার প্রতি অনুগত থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে তেহরান ও রিয়াদ।
গতকাল (মঙ্গলবার) সৌদি আরবের রাজধানী রিয়াদে এই তিন দেশের যৌথ বৈঠকে চুক্তির প্রতি অনুগত থাকার বিষয়টি নিশ্চিত করে ইরান ও সৌদি সরকার। বৈঠকে সভাপতিত্ব করেন সৌদি উপ পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খেরেজি। বৈঠকে ইরানের পক্ষে অংশ নেন অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখতে রাভাঞ্চি এবং চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী দেঙ লি।
বৈঠক শেষে তিন দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চীনের মধ্যস্থতায় ২০২৩ সালের মার্চ মাসে যে চুক্তি হয়েছিল তা বাস্তবায়নের ক্ষেত্রে বেইজিংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের বিষয়টিকে সৌদি আরব এবং ইরান স্বাগত জানায়। এতে আরো বলা হয়েছে, এই চুক্তির কারণে ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে যখন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা মারাত্মক হুমকির মুখে তখন দুই দেশের কর্মকর্তাদের মধ্যে মতবিনিময় এবং সফরের ক্ষেত্রে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করা হয়।
২০২৪ সালে ইরান থেকে ৮৭ হাজার মানুষ হজ করেছেন। পাশাপাশি ৫২ হাজার ইরানি নাগরিক চলতি বছরের ১০ মাসে পবিত্র ওমরা পালন করেছেন। এ বিষয়টিকেও দু'দেশের কর্মকর্তারা স্বাগত জানান।#
পার্সটুডে/এসআইবি/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।