আইসিসির রায় অবিলম্বে কার্যকর করার আহ্বান
ইসরাইলকে আর দায়মুক্তির সুবিধা দেয়া যাবে না: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
-
ইসমাইল বাকায়ি
ফিলিস্তিনি ভূখণ্ডে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ চালানোর দায়মুক্তির সুবিধা ভোগ করা থেকে ইসরাইলকে বের করে আনা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করার প্রতিটি পদক্ষেপকে ইরান স্বাগত জানাবে।
ইহুদিবাদী ইসরাইলের দুই দাগী অপরাধীর বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি এ মন্তব্য করেন।
ইহুদিবাদী যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে বৃহস্পতিবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আইসিসি বলছে, “ক্ষুধাকে ব্যবহার করে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটনের জন্য এই দুইজনকে দায়ী করার যৌক্তিক ভিত্তি রয়েছে।”
এ সম্পর্কে বাকায়ি নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, “আদালতের নির্দেশে ওই দুই অপরাধীর বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযানের বিষয়টিও অন্তর্ভুক্ত করার প্রয়োজন ছিল। কারণ, তারা নিশ্চিতভাবে এই অপরাধও করেছে।”
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইহুদিবাদী ইসরাইল সরকারের শীর্ষ কর্তাব্যক্তিরা একের পর এক অপরাধযজ্ঞ করে গেলেও এতদিন পাশ্চাত্যের পৃষ্ঠপোষকতায় দায়মুক্তি ভোগ করত। আর সে দায়মুক্তি নিয়ে এসব অপরাধী বেপরোয়া মাত্রায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা ও দমন অভিযান চালাত। কিন্তু আইসিসির রায়ে সে অবস্থার অবসান শুরু হয়েছে।
বাকায়ি বলেন, এই নির্দেশ পালন করে অবিলম্বে দুই ইসরাইলি অপরাধীকে আটক করে বিচারের মুখোমুখি দাঁড় করাতে পারলে আন্তর্জাতিক বিচার ব্যবস্থা আরো বেশি কার্যকর হবে। #
পার্সটুডে/এমএমআই/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।