ইঙ্গো-মার্কিন আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত সানা
ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা: বেন-গুরিয়ান বিমানবন্দর বন্ধ
গাজা উপত্যকায় ইহুদিবাদী বাহিনীর ভয়াবহ গণহত্যা ও অপরাধযজ্ঞের প্রতিবাদে ইসরাইলের একটি সামরিক অবস্থান লক্ষ্য করে নতুন করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।
গতকাল (মঙ্গলবার) ওই বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলের রাজধানী তেল আবিবের কাছে ইয়াফা শহরের একটি সামরিক ঘাঁটিতে ফিলিস্তিন-২ নামক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। হামলাটি সফল হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরাইল, আমেরিকা ও ব্রিটিশ বাহিনীর সম্ভাব্য আগ্রাসন মোকাবিলা করতেও প্রস্তুত রয়েছে।
এদিকে ইহুদিবাদী গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার জের ধরে তেল আবিবের বেন-গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দিতে হয়েছিল।
ইসরাইলি নিউজ চ্যানেল কান জানিয়েছে, বেন-গুরিয়ান বিমানবন্দর বন্ধ রাখার পাশাপাশি কিছুক্ষণের জন্য ইসরাইলের আকাশসীমাও সব ধরনের বিমান চলাচলের জন্য পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছিল।
গত মাসের ২৭ তারিখ লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করলেও ইয়েমেনি হামলার কারণে ইসরাইলের আকাশসীমা এখনও পুরোপুরি নিরাপদ করতে পারেনি তেল আবিব।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখাপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারির বিবৃতিতে বলা হয়েছে, তারা এ ধরনের অভিযান চালিয়ে যাবে এবং ইসরাইলের সকল সামরিক ঘাঁটিতে আঘাত হানবে। গাজায় ইহুদিবাদী আগ্রাসন পুরোপুরি বন্ধ এবং উপত্যকার ওপর থেকে নিষেধাজ্ঞা সম্পূর্ণ তুলে না নেয়া পর্যন্ত এ ধরনের অভিযান চলতে থাকবে বলেও বিবৃতিতে জানানো হয়।#
পার্সটুডে/এমএমআই/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।