‘গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে’
ইসরাইলে আবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন
-
ফিলিস্তিন-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র
ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিবের নিকটবর্তী ইয়াফা শহরে আবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
ওই বাহিনী গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলেছে, ইসরাইলের ইয়াফা এলাকায় অবস্থিত একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ‘ফিলিস্তিন-২’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
এতে আরো বলা হয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ড্রোন ফোর্সও ইসরাইলের ইয়াফা শহরের একটি সামরিক অবস্থানে ‘ইয়াফা’ নামক ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। এই হামলাটিও সফল হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনী বলেছে, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে এবং ইসরাইলবিরোধী লড়াইয়ে অংশগ্রহণকারী ফিলিস্তিনি বীর মুজাহিদদের মনোবল চাঙ্গা করতে এ হামলা চালানো হয়েছে। গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে গত বছরের অক্টোবরে ইয়েমেন থেকে যে জিহাদের সূচনা হয়েছিল বর্তমানে তার পঞ্চম পর্যায় চলছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনী আরো বলেছে, আমেরিকা, ব্রিটেন, ইসরাইল বা তাদের সহযোগী যেকোনো পক্ষ যেন ইয়েমেনে আবার হামলা চালানোর মতো বোকামি না করে; কারণ, সেক্ষেত্রে ইয়েমেনের সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও আইনসঙ্গত অধিকার রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনী আগ্রাসন ও গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেন থেকে ইসরাইলি স্বার্থে আঘাত হানা অব্যাহত থাকবে বলেও বিবৃতিতে প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। #
পার্সটুডে/এমএমআই/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।