ট্রাম্পকে উদ্ধার প্রচেষ্টায় রুবিও
গাজার দখলের মন্তব্যকে আড়াল করার চেষ্টা করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
-
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
ফিলিস্তিনের গাজা উপত্যকা দখলের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত পরিকল্পনা ঘোষণার ফলে যে নেতিবাচক প্রভাব পড়েছে তা দূর করার চেষ্টা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
গতকাল (বুধবার) গুয়েতেমালায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের এই পরিকল্পনাকে যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে ধ্বংসস্তূপ পরিষ্কার এবং পুনর্নির্মাণের জন্য একটি "উদার" ও "অস্থায়ী" প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয় বলে দাবি করেন রুবিও।
মার্কিন শীর্ষ কূটনীতিক আরো দাবি করেন, এই পরিকল্পনা গাজা পুনর্গঠনের সুবিধার্থে তৈরি করা হয়েছে, ফিলিস্তিনিদের স্থায়ীভাবে বাস্তুচ্যুত করার অজুহাত হিসেবে কাজ করার জন্য নয়।
মঙ্গলবার আমেরিকা সফররত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে হোয়াইট হাউসে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, গাজা দখলের এই পরিকল্পনার অংশ হিসেবে ধ্বংসপ্রাপ্ত ভবন পরিষ্কার, অবিস্ফোরিত বোমা অপসারণ এবং অন্যত্র ফিলিস্তিনিদের পুনর্বাসনের বিষয়টি তত্ত্বাবধান করবে আমেরিকা।
ট্রাম্প বলেন, "আমেরিকা গাজা ভূখণ্ড দখল করবে এবং আমরাও এর সাথে কিছু কাজ করব। আমরা এর মালিক হব।" এমনকি ওয়াশিংটন এই অঞ্চলে সেনা মোতায়েন করতে পারে বলেও উল্লেখ করেন ট্রাম্প।
ট্রাম্পের এসব কথার পর আন্তর্জাতিক অঙ্গনে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে রুবিও পরিস্থিতি সামলার দেয়ার চেষ্টা করছেন।##
পার্সটুডে/এসআইবি/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।