ইয়েমেন যেসব হামলা চালাচ্ছে তাতে ইরানের হাত নেই: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/event-i148158-ইয়েমেন_যেসব_হামলা_চালাচ্ছে_তাতে_ইরানের_হাত_নেই_ইয়েমেনের_পররাষ্ট্রমন্ত্রী
নিরপরাধ গাজাবাসীর পক্ষে ইয়েমেনের নানা পদক্ষেপে ইরানের প্রভাব রয়েছে বলে আমেরিকা যে দাবি করছে তা প্রত্যাখ্যান করেছেন ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী জামাল আমের।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৯, ২০২৫ ১৪:৫৯ Asia/Dhaka
  • ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী
    ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

নিরপরাধ গাজাবাসীর পক্ষে ইয়েমেনের নানা পদক্ষেপে ইরানের প্রভাব রয়েছে বলে আমেরিকা যে দাবি করছে তা প্রত্যাখ্যান করেছেন ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী জামাল আমের।

তিনি জোর দিয়ে বলেছেন, "আমাদের সিদ্ধান্তে ইরানের কোনও হস্তক্ষেপ নেই এবং ইহুদিবাদীদের বিরুদ্ধে ইয়েমেনের অভিযানের বিষয়ে স্বাধীন ভাবে সিদ্ধান্ত নেয় সানা এবং গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।"

তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি, আগ্রাসন এবং চাপ সত্ত্বেও ইয়েমেন গাজার প্রতি সমর্থন বন্ধ করবে না এবং ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে নৌ অবরোধ শিথিল করবে না। বার্তা সংস্থা রয়টার্সের সাথে এক সাক্ষাৎকারে ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইয়েমেনের সিদ্ধান্তে ইরানের প্রভাব রয়েছে বলে আমেরিকা যে দাবি করছে তা ভিত্তিহীন। তাদের এসব দাবির কারণে গাজার পক্ষে ইয়েমেনিদের অভিযান কমবে না বলে তিনি জানান।

তিনি বলেন, ইয়েমেন স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়, ইয়েমেন সরকারের সিদ্ধান্তে ইরানের কোনো হস্তক্ষেপ নেই। ইরান মাঝে মাঝে কিছু ক্ষেত্রে মধ্যস্থতা করলেও তারা কখনো নির্দেশ দেয় না।

ইয়েমেনি মন্ত্রী স্পষ্ট করে বলেন,"কিছু শক্তির কাছ থেকে উত্তেজনা কমানোর বার্তা আসছে, কিন্তু বর্তমানে ইয়েমেন আমেরিকার সাথে যুদ্ধাবস্থায় রয়েছে। এর অর্থ হলো, আমরা সকল সম্ভাব্য উপায়ে আত্মরক্ষা করব এবং আত্মরক্ষার অধিকার আমাদের রয়েছে। কাজেই উত্তেজনা আরও বাড়তে পারে।"#

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।