ভারতের ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে দেশে পাঠানো হলো
https://parstoday.ir/bn/news/event-i153430-ভারতের_৫০_তরুণকে_হাতকড়া_ও_পায়ে_বেড়ি_পরিয়ে_দেশে_পাঠানো_হলো
ভারতের হরিয়ানা রাজ্যের ২৫ থেকে ৪০ বছর বয়সী ৫০ তরুণকে যুক্তরাষ্ট্র থেকে সেদেশে ফেরত পাঠানো হলো। এ সময় তাদের হাতে হাতকড়া ও পায়ে বেড়ি ছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৭, ২০২৫ ০৯:৩৭ Asia/Dhaka
  • হাতে হাতকড়া ও পায়ে বেড়ি পরানো ভারতীয় তরুণদের ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
    হাতে হাতকড়া ও পায়ে বেড়ি পরানো ভারতীয় তরুণদের ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

ভারতের হরিয়ানা রাজ্যের ২৫ থেকে ৪০ বছর বয়সী ৫০ তরুণকে যুক্তরাষ্ট্র থেকে সেদেশে ফেরত পাঠানো হলো। এ সময় তাদের হাতে হাতকড়া ও পায়ে বেড়ি ছিল।

গতকাল রোববার ভোরে তাদের ভারতে ফেরত পাঠানো হয়। যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তারা দেশ ছেড়েছিলেন। তাদের সেই আশা ধূলিসাৎ হয়ে গেছে। অবৈধভাবে বসবাস করা এসব ভারতীয় নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত 

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ফেরত আসা এসব তরুণের অনেকের দাবি, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপে ধরা পড়ার পর ঋণের বোঝায় ডুবে গেছেন তারা।

হরিয়ানার কর্মকর্তাদের মতে, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ১৬ জন কারনালের, ১৪ জন কাইথালের, ৫ জন কুরুক্ষেত্রের ও ১ জন পানিপথের বাসিন্দা। তারা সবাই দক্ষিণ ও মধ্য আমেরিকার মধ্য দিয়ে মানব পাচারের ‘ডানকি রুট’ হিসেবে পরিচিত পথ দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। তাদের কেউ কেউ সেখানে কয়েক বছর ছিলেন, আবার কেউ মাত্র কয়েক মাস। ফেরত পাঠানোর আগে তাদের মধ্যে কয়েকজনকে কারাভোগও করতে হয়েছিল।

ফেরত আসা ভারতীয় নাগরিকদের মধ্যে ছিলেন কারনালের ২৬ বছর বয়সী রাহরার অঙ্কুর সিং। তিনি বলেন, ২০২২ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাঁর ২৯ লাখ রুপি খরচ হয়েছিল। ‘দক্ষিণ আমেরিকার অনেক দেশ’ হয়ে যেতে তাঁর এই যাত্রায় ‘প্রায় চার মাস’ লেগেছিল।

অঙ্কুর সিং দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘আমি “ডানকি রুট” হয়ে গিয়েছিলাম। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সব ঠিকঠাক চলছিল। জর্জিয়া অঙ্গরাজ্যে একটি মদের দোকানে কাজ করার সময় আমি ধরা পড়ি।’

অঙ্কুর বলেন, এরপর তাঁকে একটি আটককেন্দ্রে রাখা হয়। ২৪ অক্টোবর ভারতে ফেরার জন্য তাঁদের উড়োজাহাজে উঠিয়ে দেওয়া হয়। তাঁদের এই ফ্লাইটে হরিয়ানার প্রায় ৫০ জন ছাড়াও পাঞ্জাব, হায়দরাবাদ, গুজরাট ও গোয়ার তরুণেরাও ছিলেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৫০০ ভারতীয় নাগরিককে আটটি সামরিক, চার্টার্ড এবং বাণিজ্যিক ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত পাঠানো বা প্রত্যাবাসন করা হয়েছে। তাদের মধ্যে বেশির ভাগই পাঞ্জাব, হরিয়ানা এবং গুজরাটের মানুষ।

গতকাল রোববার ফেরত পাঠানো দলে ছিলেন সুরেন্দর সিং, হরিস এসসি,হুসন ও নরেশ কুমারসহ আরও অনেক। সুরেন্দর জানান, এজেন্টদের ৪৫ লাখ রুপি পরিশোধ করতে পরিবারকে তিন একর জমি বিক্রি করতে হয়েছিল।

সুরেন্দর বলেন, ‘যুক্তরাষ্ট্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই হুসন ধরা পড়ে। এটা আমাদের জন্য এক বিশাল ধাক্কা ছিল। তারা রোববার রাত ১টার পর দিল্লি বিমানবন্দরে পৌঁছান। তাদের হাতে হাতকড়া এবং পায়ে বেড়ি পরানো ছিল।’

কারনালের কালসী গ্রামের হরিশ এসসি (তফসিলি জাতি) শ্রমিক পরিবার থেকে এসেছেন। তাঁর ভাই রিঙ্কু বলেন, ‘তিনি ২০২৩ সালে কর্মীভিসায় কানাডায় গিয়েছিলেন। প্রায় এক বছর সেখানে থাকার পর গত আগস্টে যুক্তরাষ্ট্রে চলে যান এবং সেখানে একটি দোকানে কাজ শুরু করেন। এই বছরের ফেব্রুয়ারিতে তিনি ধরা পড়েন।

কাইথালের পুলিশ সুপার উপাসনা বলেন, ওই জেলার ১৪ জন ফেরত আসা ব্যক্তিকে রোববার বেলা ২টার দিকে দিল্লি থেকে নিয়ে আসা হয়। তিনি বলেন, তারা সবাই ‘ডানকি রুট’ দিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তাদের মধ্যে একজন আবগারি মামলায় পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। একাধিকবার আদালতের শুনানিতে তিনি অনুপস্থিত ছিলেন।

এসপি সিং সতর্ক করে বলেন, ‘ডানকি রুটে’ বিদেশে যাওয়া গুরুতর অপরাধ। এটি পরিবারকে আর্থিকভাবে নিঃস্ব করে এবং জীবনকে বিপন্ন করে তোলে। পথে অনেকেই দুর্ব্যবহার, প্রতারণা, এমনকি মৃত্যুর মুখে পড়েন।#

পার্সটুডে/জিএআর/২৭