হরমুজ প্রণালী দিয়ে সব ধরণের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা
পার্সটুডে- আজ বৃহস্পতিবার ভোরে মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর পরপরই ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী সতর্ক করে জানিয়েছে, হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়া যেকোনো জাহাজের বিরুদ্ধে কঠোর ও চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।
আইআরজিসি নৌবাহিনী আরও নিশ্চিত করেছে যে, দেশের সর্বোচ্চ সামরিক কমান্ড সেন্টার খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের ঘোষণার পরিপ্রেক্ষিতে এই গুরুত্বপূর্ণ জলপথটি তাৎক্ষণিক ও সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
একই সঙ্গে পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থানরত সব তেলবাহী ট্যাংকার এবং বাণিজ্যিক জাহাজকে তাদের বর্তমান নোঙরস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
আইআরজিসি বলেছে, হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়াকে শত্রুর সঙ্গে সহযোগিতা হিসেবে বিবেচনা করা হবে।
মার্কিন শত্রুর বারবার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের কথা উল্লেখ করে আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অবরোধ বহাল থাকবে।
নিজেদের নিরাপত্তার স্বার্থে বাণিজ্যিক জাহাজগুলোকে প্রণালীটি ব্যবহার না করার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সাম্প্রতিক আগ্রাসী কর্মকাণ্ডের কথা উল্লেখ করে আইআরজিসির নৌবাহিনী এ অঞ্চলে মার্কিন বাহিনীকে সন্ত্রাসী সেনাবাহিনী হিসেবে আখ্যায়িত করেছে এবং বলেছে, অঞ্চলে নিরাপত্তাহীনতা বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রণালী, যার মাধ্যমে বিশ্বের মোট জ্বালানি চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়।#
পার্সটুডে/এসএ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।