ভেনিসে ইসরায়েলের লজ্জা; ক্ষমা চাওয়ার বদলে নির্মাতাদের নাগরিকত্ব বাতিলের হুমকি
-
দুই নির্মাতা
পার্সটুডে- গাজায় গণহত্যায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘নাজা’ ভেনিস চলচ্চিত্র উৎসবে দখলদার ইসরায়েলকে নতুন করে সমালোচনার মুখে ফেলেছে। অভিযোগের জবাব দেওয়ার পরিবর্তে এবার ছবিটির দুই নির্মাতার ইসরায়েলি নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ তোলা হয়েছে।
পার্সটুডে-এর প্রতিবেদন বলা হয়েছে, ইউভাল আব্রাহাম ও র্যাচেল সেজুর নির্মিত তথ্যচিত্র ‘নাজা’ ২০২৬ সালের ভেনিস চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার লাভ করেছে।
তথ্যচিত্রটিতে গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানে কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর লক্ষ্য নির্ধারণ প্রযুক্তির ব্যবহারের ওপর আলোকপাত করা হয়েছে। এতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যার অভিযোগের সঙ্গে যুক্ত করে তুলে ধরা হয়েছে।
এরপর ইসরায়েলের সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী মিকি জোহার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এই ঘোষণা দেন যে, তিনি ইউভাল আব্রাহাম ও র্যাচেল সেজুরের ইসরায়েলি নাগরিকত্ব বাতিলের জন্য অবিলম্বে পদক্ষেপ নেবেন।
গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার তুলে ধরার কারণে তিনি ওই দুই চলচ্চিত্র নির্মাতাকে ‘বিশ্বাসঘাতক’ বলেও অভিযুক্ত করেন।
জোহারের এই বক্তব্য হারেৎজ ও টাইমস অব ইসরায়েলসহ বিভিন্ন ইসরায়েলি সংবাদমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হয়েছে।
এদিকে, হিউম্যান রাইটস ওয়াচ এবং ইউরোপিয়ান ফিল্ম অ্যাকাডেমিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন জোহারের এই উদ্যোগের সমালোচনা করেছে। তাদের মতে, এ ধরনের পদক্ষেপ অভ্যন্তরীণভাবে মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি তৈরি করছে।
ইসরায়েল অবশ্য দাবি করেছে, জাতীয় নিরাপত্তার বিষয়গুলোকে শিল্পী ও মতপ্রকাশের স্বাধীনতার সঙ্গে ভারসাম্যপূর্ণভাবে বিবেচনা করা প্রয়োজন। বিষয়টি বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে।#
পার্সটুডে/এসএ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।