বাফেল তালাবানি: ইরানের বিরুদ্ধে কোনো হুমকির সুযোগ দেবে না ইরাকি কুর্দিস্তান
https://parstoday.ir/bn/news/west_asia-i163126-বাফেল_তালাবানি_ইরানের_বিরুদ্ধে_কোনো_হুমকির_সুযোগ_দেবে_না_ইরাকি_কুর্দিস্তান
পার্সটুডে: ইরাকের কুর্দিস্তান প্যাট্রিয়টিক ইউনিয়নের প্রধান বাফেল তালাবানি বলেছেন, ইরাক ও ইরাকের কুর্দিস্তান অঞ্চল কখনোই তাদের ভূখণ্ডকে ইরানের বিরুদ্ধে ক্ষতি বা হুমকি সৃষ্টির ঘাঁটিতে পরিণত হতে দেবে না।
(last modified 2026-09-16T05:13:29+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ১১:১১ Asia/Dhaka
  • ইরাকের কুর্দিস্তান প্যাট্রিয়টিক ইউনিয়নের প্রধান বাফেল তালাবানি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বৈঠক
    ইরাকের কুর্দিস্তান প্যাট্রিয়টিক ইউনিয়নের প্রধান বাফেল তালাবানি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বৈঠক

পার্সটুডে: ইরাকের কুর্দিস্তান প্যাট্রিয়টিক ইউনিয়নের প্রধান বাফেল তালাবানি বলেছেন, ইরাক ও ইরাকের কুর্দিস্তান অঞ্চল কখনোই তাদের ভূখণ্ডকে ইরানের বিরুদ্ধে ক্ষতি বা হুমকি সৃষ্টির ঘাঁটিতে পরিণত হতে দেবে না।

ইরাকের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে তেহরান সফরে থাকা বাফেল তালাবানি মঙ্গলবার সকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচির সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরান, ইরাকের সরকার ও জনগণ এবং ইরাকি কুর্দিস্তান অঞ্চলের মধ্যে বিদ্যমান অত্যন্ত ভালো ও গঠনমূলক সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি দুই দেশের সীমান্তবর্তী এলাকাগুলোর বিস্তৃত সম্ভাবনার ওপর জোর দেন এবং ইরান-ইরাক সম্পর্ক, বিশেষ করে ইরাকি কুর্দিস্তানের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎকে উজ্জ্বল ও আশাব্যঞ্জক বলে বর্ণনা করেন।

আরাকচি বলেন, ইরান ইরাকি কুর্দিস্তান, বিশেষ করে সুলাইমানিয়া অঞ্চলের সঙ্গে সম্পর্ক আরও জোরদার ও সম্প্রসারণে প্রস্তুত। এ ক্ষেত্রে অর্থনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধি, দুই দেশের অভিন্ন সীমান্তে নিরাপত্তা সমন্বয় জোরদার এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, অভিন্ন সীমান্তে কিছু সন্ত্রাসী তৎপরতা এবং এসব পরিস্থিতিকে কাজে লাগানোর জন্য শত্রুদের প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে দ্বিপক্ষীয় নিরাপত্তা সমঝোতা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা সুরক্ষায় সহযোগিতা আরও জোরদার করা জরুরি। প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির লক্ষ্যে সাজানো ‘ফলস ফ্ল্যাগ’ কৌশলের ব্যাপারে কুর্দি বন্ধুদের পাশাপাশি এ অঞ্চলের সব দেশকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বাফেল তালাবানি ইরান, ইরাক ও ইরাকি কুর্দিস্তানের জনগণের মধ্যকার ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে কঠিন পরিস্থিতিতে ইরাকের সরকার ও জনগণের প্রতি ইরানের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পার্সটুডে/এমআরএইচ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।