সানা: সৌদি আরবের দাবির বিপরীতে বাব আল-মান্দেবে নৌ চলাচল নিরাপদ
https://parstoday.ir/bn/news/west_asia-i163124-সানা_সৌদি_আরবের_দাবির_বিপরীতে_বাব_আল_মান্দেবে_নৌ_চলাচল_নিরাপদ
পার্সটুডে- ইয়েমেনের সানাভিত্তিক ‘পরিবর্তন ও পুনর্গঠন’ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরবের দাবির বিপরীতে বাব আল-মান্দেব প্রণালিতে নৌ চলাচল নিরাপদ এবং সেখানে কোনো ধরনের সমস্যা নেই।
(last modified 2026-09-16T10:12:53+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ১০:২৯ Asia/Dhaka
  •  বাব আল-মান্দেবে নৌ চলাচল নিরাপদ রয়েছে
    বাব আল-মান্দেবে নৌ চলাচল নিরাপদ রয়েছে

পার্সটুডে- ইয়েমেনের সানাভিত্তিক ‘পরিবর্তন ও পুনর্গঠন’ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরবের দাবির বিপরীতে বাব আল-মান্দেব প্রণালিতে নৌ চলাচল নিরাপদ এবং সেখানে কোনো ধরনের সমস্যা নেই।

ইরনা’র বরাতে পার্সটুডে জানায়, বিবৃতিতে ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের মূল সমস্যা হলো, রিয়াদ সামরিক বাহিনী ব্যবহার করে ইয়েমেন দখলের চেষ্টা করছে। একই সঙ্গে যুদ্ধবিমান দিয়ে ইয়েমেনের জনগণকে হত্যা এবং দেশটির অবকাঠামো ও সম্পদ ধ্বংস করছে।

বিবৃতিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সৌদি আরব ইয়েমেনের বিরুদ্ধে এফ-১৫ ও টাইফুন যুদ্ধবিমান ব্যবহার করে ৫৪টি বিমান হামলা চালিয়েছে। খামিস মুশাইত ও তাইফ সামরিক ঘাঁটি থেকে এসব যুদ্ধবিমান উড্ডয়ন করে ইয়েমেনের তায়িজ, লাহিজ, আল-জাওফ, মারিব ও হাজ্জা প্রদেশে হামলা চালায়।

ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাব আল-মান্দেবে কোনো সমস্যা নেই এবং সেখানে নৌ চলাচল নিরাপদ। বিশ্ব জনমতকে বিভ্রান্ত করতে সৌদি সরকারের প্রচেষ্টা ভিত্তিহীন।

বিবৃতিতে আরও বলা হয়, সৌদি সামরিক বাহিনীর সদস্যদের সমাবেশ নিয়ে সানার বক্তব্য কোনো দাবি বা অনুমান নয়; বরং ওই বাহিনীর কমান্ডারদের বক্তব্যই সানার অবস্থানকে নিশ্চিত করেছে।

ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, শত্রুভাবাপন্ন সৌদি বাহিনীর সমাবেশকে লক্ষ্যবস্তু করার পূর্ণ ও বৈধ অধিকার সানার রয়েছে। এসব বাহিনী ইয়েমেনের প্রতিনিধিত্ব করে না; বরং তারা একটি বিদেশি দেশের নির্দেশে পরিচালিত হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, বিশ্ব যদি এই অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি চায়, তাহলে সৌদি আরবকে স্পষ্টভাবে জানানো উচিত ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবার বন্ধ করতে হবে।#

পার্সটুডে/এমআরএইচ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।