খালেদা জিয়ার এত দ্রুত মৃত্যুর জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা দায়ী: আসিফ নজরুল
https://parstoday.ir/bn/news/event-i155638-খালেদা_জিয়ার_এত_দ্রুত_মৃত্যুর_জন্য_ফ্যাসিস্ট_শেখ_হাসিনা_দায়ী_আসিফ_নজরুল
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, "খালেদা জিয়াকে প্রহসনমূলক মামলার রায়ে কারাগারে পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি খালেদা জিয়ার এত দ্রুত মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সরকার দায়ী।"
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
ডিসেম্বর ৩০, ২০২৫ ১৪:৩৮ Asia/Dhaka
  • ড. আসিফ নজরুল
    ড. আসিফ নজরুল

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, "খালেদা জিয়াকে প্রহসনমূলক মামলার রায়ে কারাগারে পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি খালেদা জিয়ার এত দ্রুত মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সরকার দায়ী।"

আজ (মঙ্গলবার) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

আসিফ নজরুল বলেন, "খালেদা জিয়াকে যে মামলায় সাজা দেওয়া হয় তা ছিল প্রহসনমূলক মামলা, যেটি উচ্চ আদালতের আপিলের রায়েও বলা হয়েছিল— এটি ছিল সাজানো রায়, ভুলভাবে ও উদ্দেশ্যেপ্রণোদিতভাবে। উনাকে জেলাখানায় যেভাবে নির্যাতন করা হয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো না। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের নির্যাতনের কারণে উনার এত তাড়াতাড়ি মৃত্যু হয়েছে।"

এর আগে খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শুরুতেই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও তাঁর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন।

সভায় খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ও আগামীকাল একদিনের সাধারণ ছুটির সিদ্ধান্ত হয়েছে।

সভায় একটি শোক প্রস্তাব গৃহীত হয় যা পাঠ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান।#

পার্সটুডে/এমএআর/৩০