সহিংসতায় নেতৃত্বদানকারীদের গ্রেফতার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী
https://parstoday.ir/bn/news/event-i155962-সহিংসতায়_নেতৃত্বদানকারীদের_গ্রেফতার_করেছে_ইরানের_নিরাপত্তা_বাহিনী
ইরানের নিরাপত্তা বাহিনী সাম্প্রতিক সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে দেশের বিভিন্ন প্রদেশে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সরকারি কর্মকর্তারা দাবি করেছেন, অর্থনৈতিক দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া শান্তিপূর্ণ প্রতিবাদে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ বিদেশি শক্তির হস্তক্ষেপে তা সহিংসতায় রূপ নেয়।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ১০, ২০২৬ ১৯:২৮ Asia/Dhaka
  • আটক কয়েক সন্ত্রাসী
    আটক কয়েক সন্ত্রাসী

ইরানের নিরাপত্তা বাহিনী সাম্প্রতিক সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে দেশের বিভিন্ন প্রদেশে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সরকারি কর্মকর্তারা দাবি করেছেন, অর্থনৈতিক দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া শান্তিপূর্ণ প্রতিবাদে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ বিদেশি শক্তির হস্তক্ষেপে তা সহিংসতায় রূপ নেয়।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, লোরেস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে বিভিন্ন শহর থেকে ১০০ জনের বেশি সন্দেহভাজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, বোরুজের্দ ও খোররামাবাদ শহরে চার ও সাত সদস্যের দুটি ‘সন্ত্রাসীগোষ্ঠীর’ ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে, যাদের কাছে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ছিল এবং তারা প্রাণহানির পরিকল্পনা করছিল।

পুলিশ জনগণের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে নিরাপত্তা–সংক্রান্ত তথ্য পুলিশ ও গোয়েন্দা সংস্থার হটলাইনে জানানোর আহ্বান জানিয়েছে।

এদিকে, উত্তর খোরাসান প্রদেশের নিরাপত্তা সূত্র জানায়, প্রাদেশিক রাজধানী বোজনুর্দে সংঘটিত দাঙ্গার মূল উসকানিদাতাদের গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে ধৃতদের সঙ্গে বিদেশি প্রতিষ্ঠান ও গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে বলে দাবি করা হয়। সূত্রটি জানায়, তারা ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির কর্মকাণ্ড সমন্বয় করছিল এবং মিথ্যা প্রাণহানির তথ্য ছড়িয়ে রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তোলার পরিকল্পনা করেছিল।

ইরানের পুলিশ খুজেস্তান প্রদেশের আবাদান শহরে নিরাপত্তাহীনতার সঙ্গে জড়িত  মূল অপরাধীকে গ্রেপ্তার করেছে।

সে বলছে: "আমাকে প্রতারিত এবং বোকা বানানো হয়েছে, আমি গভীরভাবে দুঃখিত।"

প্রতিবেদনে বলা হয়েছে যে, মোসাদ এজেন্টদের বিষয়ে বিচার বিভাগ কোনও নমনীয়তা দেখাবে না।

সংবিধান পরিষদের মুখপাত্র হাদি তাহান নাজিফ বলেন, বিদেশি হস্তক্ষেপ বৈধ অর্থনৈতিক দাবিকে সহিংস দাঙ্গায় রূপ দিয়েছে। তিনি সাম্প্রতিক সহিংসতায় নিহতদের, বিশেষ করে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতি সমবেদনা জানান। নাজিফ জানান, কাজভিনে সংবিধান পরিষদের একজন নির্বাচনী তত্ত্বাবধায়ক নিহত হয়েছেন এবং এর পেছনে ‘গোপন শক্তি’ কাজ করছে।

দাঙ্গার সময় জরুরি সেবায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। তেহরান ফায়ার ডিপার্টমেন্টের প্রধান গোদরাতোল্লাহ মোহাম্মাদি জানান, দুই দিনে ৪৩টি অগ্নিনির্বাপক গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং আটটি সম্পূর্ণ ধ্বংস হয়। তিনি বলেন, দাঙ্গাকারীদের বাধার কারণে রাজধানীতে প্রায় অর্ধেক অগ্নিনির্বাপক মিশন সম্পন্ন করা সম্ভব হয়নি।

গিলান প্রদেশে প্রধান বিচারপতি মাজিদ এলাহিয়ান জানান, রাশতে একটি আদালত ভবনে অগ্নিসংযোগের ফলে বিচারিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তিনি বলেন, মসজিদ, কুরআনের কপি, দোকান, ব্যাংক ও একটি ক্লিনিক পুড়িয়ে দেওয়া হয়, এতে তিনজন নার্স নিহত হন।

এদিকে, তাসনিমের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে মাশহাদে সংঘটিত এক সন্ত্রাসী হামলায় শহীদ আইআরজিসি কমান্ডার নূর আলি শুশতারির ছেলে ফারাজোল্লাহ শুশতারি নিহত হয়েছেন। তিনি একজন সাংস্কৃতিক ও সামাজিক কর্মী ছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রেপ্তার ও নিরাপত্তা অভিযান অব্যাহত থাকবে।#