'উন্মুক্ত যুদ্ধ’ ঘোষণা পাক প্রতিরক্ষামন্ত্রীর
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ১৩৩, পাল্টা হামলায় ৫৫ সেনা নিহতের দাবি
আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে পাল্টাপাল্টি সামরিক অভিযানে রক্তক্ষয়ী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাকিস্তানের দাবি, আফগানিস্তানের কাবুল ও কান্দাহারসহ বিভিন্ন স্থানে বিমান হামলায় ১৩৩ জন তালেবান সদস্য নিহত ও ২০০ জন আহত হয়েছেন। অন্যদিকে আফগান তালেবান সরকারের দাবি, ডুরান্ড লাইন সীমান্তে পাল্টা হামলায় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। যদিও উভয় পক্ষই একে অপরের হতাহতের তথ্য অস্বীকার করেছে।
আজ (শুক্রবার) ভোরে আফগানিস্তানের রাজধানী কাবুল ও কান্দাহারসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে বিমান হামলা চালায় পাকিস্তান বিমানবাহিনী। ইসলামাবাদ জানায়, ‘অপারেশন গজব লিল হক’ নামের এই অভিযানে তালেবানদের সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈদেশিক গণমাধ্যমবিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দাবি করেন, অভিযানে ১৩৩ জন তালেবান সদস্য নিহত এবং আরও ২০০ জন আহত হয়েছেন। এছাড়া ২৭টি চৌকি ধ্বংস, ৯টি দখল এবং অন্তত ৮০টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংসের দাবি করা হয়।
পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি জানায়, কান্দাহারে তালেবানদের একটি ব্রিগেড সদর দপ্তর ও গোলাবারুদ ডিপো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। হামলার পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে ‘উন্মুক্ত যুদ্ধ’ ঘোষণার কথা বলেন।
তবে তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ পাকিস্তানি হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে উল্লেখ করে প্রাণহানির তথ্য অস্বীকার করেছেন। তার দাবি, পাকিস্তানের হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর কয়েক ঘণ্টা পরই আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি সামরিক অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করে কাবুল। তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, চার ঘণ্টাব্যাপী অভিযানে ৫৫ জন পাকিস্তানি সেনাসদস্য নিহত হয়েছেন এবং কয়েকজনকে জীবিত আটক করা হয়েছে। পাশাপাশি ১৯টি সামরিক চৌকি ও দুটি ঘাঁটি দখল, একটি ট্যাংক ধ্বংস এবং একটি সামরিক যান জব্দের দাবি করা হয়। এ ঘটনায় আটজন আফগান সেনা নিহত ও ১১ জন আহত হয়েছেন বলেও জানানো হয়। খবর প্রকাশ করেছে আফগানিস্তানভিত্তিক সংবাদমাধ্যম তোলো নিউজ।
অন্যদিকে পাকিস্তান এসব দাবিকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়ে জানায়, সীমান্তে সংঘর্ষে তাদের মাত্র দুইজন সেনা নিহত এবং তিনজন আহত হয়েছেন।
গত ২১ ও ২২ ফেব্রুয়ারি আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার জের ধরে নতুন করে এই পাল্টাপাল্টি সংঘর্ষ শুরু হয়েছে বলে জানা গেছে। কয়েক মাস ধরে সীমান্তে উত্তেজনা চলছিল। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগান মাটি ব্যবহার করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) জঙ্গিরা পাকিস্তানে হামলা চালাচ্ছে।
বর্তমানে কাবুল ও কান্দাহারে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে তালেবান প্রশাসন। পাকিস্তান সেনাবাহিনীও সীমান্তজুড়ে ‘হাই অ্যালার্ট’ জারি করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা, দ্রুত কূটনৈতিক উদ্যোগ না নিলে দুই প্রতিবেশী দেশের এই সংঘাত বৃহত্তর আঞ্চলিক অস্থিরতায় রূপ নিতে পারে।#
পার্সটুডে/এমএআর/২৭