২২৮ তালেবান নিহতের দাবি পাকিস্তানের: ভারতের নিন্দা, সংলাপের আহ্বান জাতিসংঘের
https://parstoday.ir/bn/news/event-i157388-২২৮_তালেবান_নিহতের_দাবি_পাকিস্তানের_ভারতের_নিন্দা_সংলাপের_আহ্বান_জাতিসংঘের
আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে চলমান সংঘাতে হতাহতের সংখ্যা নিয়ে নতুন দাবি করেছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানের চালানো বিমান হামলায় অন্তত ২২৮ আফগান সেনা নিহত এবং ৩১৪ জন আহত হয়েছেন।
(last modified 2026-02-27T12:19:36+00:00 )
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ১৭:৩৪ Asia/Dhaka
  • তালেবান যোদ্ধা
    তালেবান যোদ্ধা

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে চলমান সংঘাতে হতাহতের সংখ্যা নিয়ে নতুন দাবি করেছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানের চালানো বিমান হামলায় অন্তত ২২৮ আফগান সেনা নিহত এবং ৩১৪ জন আহত হয়েছেন।

তার ভাষ্য অনুযায়ী, তালেবানদের ৭৪টি চৌকি ধ্বংস এবং ১৮টি দখল করা হয়েছে। একই সময়ে পাকিস্তানে ২৭ জন আহত হয়েছেন বলেও তিনি জানান।

তবে এর আগে তালেবান সরকার ভিন্ন তথ্য দিয়ে জানিয়েছিল, তাদের আটজন যোদ্ধা নিহত এবং ১১ জন আহত হয়েছেন। উভয় পক্ষের দাবির বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে, জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের অধিবেশনে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বন্ধে “জরুরি রাজনৈতিক সংলাপ”-এর আহ্বান জানান। তিনি বলেন, বেসামরিক হতাহতের “তীব্র বৃদ্ধি” উদ্বেগজনক এবং শক্তি প্রয়োগ বাড়ানোর পরিবর্তে অবিলম্বে আলোচনায় বসা প্রয়োজন।

অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে তিনি দাবি করেন, এসব হামলায় নারী ও শিশুসহ বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে, যা মুসলিমদের পবিত্র রমজান মাসে বিশেষভাবে উদ্বেগজনক। তিনি বলেন, এটি পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করার চেষ্টা এবং ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছে।

ক্রমবর্ধমান এই সংঘাতকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে, সামরিক উত্তেজনা দ্রুত কূটনৈতিক সমাধানের দিকে না গেলে তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে।#

পার্সটুডে/এমএআর/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।