ট্রাম্পের হুমকিতে ইরানের জবাব সুনিশ্চিতভাবেই হবে কঠোর: সিনিয়র কমান্ডার
https://parstoday.ir/bn/news/event-i156378-ট্রাম্পের_হুমকিতে_ইরানের_জবাব_সুনিশ্চিতভাবেই_হবে_কঠোর_সিনিয়র_কমান্ডার
পার্স-টুডে: একজন সিনিয়র ইরানি সামরিক কমান্ডার বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ও বক্তব্যের জবাবে ইসলামি প্রজাতন্ত্র ইরান নিশ্চিতভাবেই দৃঢ় প্রতিক্রিয়া জানাবে।
(last modified 2026-01-24T13:12:24+00:00 )
জানুয়ারি ২৪, ২০২৬ ১৩:১১ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মজিদ মুসাভি, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এয়ারোস্পেস ডিভিশনের কমান্ডার
    ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মজিদ মুসাভি, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এয়ারোস্পেস ডিভিশনের কমান্ডার

পার্স-টুডে: একজন সিনিয়র ইরানি সামরিক কমান্ডার বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ও বক্তব্যের জবাবে ইসলামি প্রজাতন্ত্র ইরান নিশ্চিতভাবেই দৃঢ় প্রতিক্রিয়া জানাবে।

 আইআরজিসি’র মহাকাশ বা এয়ারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মজিদ মুসাভি, শুক্রবার ন্যাশনাল গার্ডস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাহিনীর সাবেক ও বর্তমান উচ্চপদস্থ কর্মকর্তাদের এক বৈঠকের ফাঁকে এই মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, “ট্রাম্প অনেক কথা বলে, কিন্তু সে নিশ্চিত থাকতে পারে যে মাঠেই তার জবাব পাবে।”

তার এই মন্তব্য এল এমন এক সময়, যখন ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন যে, ইরানে ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া বিচ্ছিন্ন অর্থনৈতিক বিক্ষোভ মোকাবিলায় ইসলামি প্রজাতন্ত্র কঠোর অবস্থান নিলে যুক্তরাষ্ট্র নতুন সামরিক আগ্রাসনে যেতে পারে।

বিক্ষোভ শুরুর পরই দাঙ্গাবাজ লোকজন এতে অনুপ্রবেশ করে এবং অস্থিরতা উসকে দেয়ার চেষ্টা করে।

ইরানি গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে যে এইসব অনুচর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা তথ্য, অস্ত্র ও লজিস্টিক সহায়তা পাচ্ছিল। এর পরপরই ইরানি নিরাপত্তা বাহিনী দ্রুত দাঙ্গার মূল হোতাদের গ্রেপ্তার করে এবং আগ্নেয়াস্ত্রসহ তেহরানে পাঠানো হচ্ছিল এমন অস্ত্র-শস্ত্র জব্দ করে।

ইরানি কর্মকর্তারা দেশের অর্থনৈতিক সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন, তবে একই সঙ্গে অঙ্গীকার করেছেন যে বিক্ষোভকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেওয়ার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানো হবে।

মুসাভির মন্তব্য—যা অন্যান্য সামরিক কমান্ডার ও কর্মকর্তাদের বহু সতর্কবার্তার প্রতিধ্বনি—আসল এমন এক সময়, যখন তিনি দুই সপ্তাহ আগেই ঘোষণা করেছিলেন যে আইআরজিসি’র এয়ারোস্পেস ডিভিশন সর্বোচ্চ প্রতিরক্ষা প্রস্তুতি অর্জন করেছে এবং ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।

তিনি তখন আরও বলেছেন, গত জুনে দেশটির ওপর চাপিয়ে দেওয়া ১২ দিনের যুদ্ধের পর থেকে বিভিন্ন ক্ষেত্রে এয়ারোস্পেস বা মহাকাশ বিভাগের অস্ত্র ও সাজ-সরঞ্জাম উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং যুদ্ধের সময় চিহ্নিত দুর্বলতাগুলো সম্পূর্ণভাবে সমাধান করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, “আইআরজিসি এয়ারোস্পেস ডিভিশন বর্তমানে প্রস্তুতির সর্বোচ্চ শিখরে রয়েছে।” #

পার্স টুডে/এমএএইচ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।