ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের পরিণতি হবে ভয়াবহ: জেনারেল মুসাভি
-
সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি বলেছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসন, দুঃসাহসিক অভিযান বা যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হবে এবং এর ফলাফল হবে ভয়াবহ ও ধ্বংসাত্মক।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, ইরানের বিমান বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় জেনারেল মুসাভি বলেন, "শত্রুপক্ষ ভালোভাবেই জানে যে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিলে তা শুধু কৌশলগতভাবে ব্যর্থই হবে না, বরং পুরো অঞ্চলজুড়ে যুদ্ধ ও সংকট ছড়িয়ে পড়বে এবং এর পেছনে যারা আছে তাদের জন্য অপূরণীয় ক্ষতি ডেকে আনবে।"
মুসাভি আরও বলেন, “ইরান কখনোই যুদ্ধের সূচনা করবে না, তবে জাতীয় নিরাপত্তা ও স্বার্থ এবং ভূখণ্ডের অখণ্ডতা রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপস বা বিন্দুমাত্র দ্বিধা করবে না। প্রয়োজন হলে কঠোর ও নির্ণায়ক প্রতিরোধ গড়ে তোলা হবে।”
তিনি জানান, বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতিতে ইরানের বিমান বাহিনী দেশের প্রতিরক্ষা সক্ষমতা, কৌশলগত প্রতিরোধ শক্তি ও সামরিক প্রস্তুতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশ্বাস, জ্ঞান, দেশীয় প্রযুক্তি, সামরিক দক্ষতা এবং সমন্বিত প্রস্তুতির মাধ্যমে ইরানি সশস্ত্র বাহিনী যেকোনো হুমকির জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।
বার্তায় মুসাভি ইরানের বিমান বাহিনীর সদস্যদের ত্যাগ ও অবদানের প্রশংসা করেন এবং দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের ভূমিকার কথা বিশেষভাবে তুলে ধরেন।#
পার্সটুডে/এমএআর/৭