নির্বাচনের ফলাফল প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট নয় জামায়াতে ইসলামী
https://parstoday.ir/bn/news/event-i156974-নির্বাচনের_ফলাফল_প্রক্রিয়া_নিয়ে_সন্তুষ্ট_নয়_জামায়াতে_ইসলামী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী ফলাফল ঘিরে প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্টি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ (শুক্রবার) দলটির ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে এক পোস্টের মাধ্যমে এমন প্রতিক্রিয়া জানানো হয়েছে।
(last modified 2026-02-13T16:32:23+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ১২:০৬ Asia/Dhaka
  • নির্বাচনের ফলাফল প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট নয় জামায়াতে ইসলামী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী ফলাফল ঘিরে প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্টি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ (শুক্রবার) দলটির ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে এক পোস্টের মাধ্যমে এমন প্রতিক্রিয়া জানানো হয়েছে।

পোস্টে সবাইকে ধৈর্যধারণের আহ্বান জানিয়ে ১১–দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করতে বলেছে জামায়াতে ইসলামী।ওই পোস্টে বলা হয়, গতকাল বৃহস্পতিবার দিনভর এমন ইতিবাচক ও শান্তিপূর্ণ পরিবেশে বিপুলসংখ্যায় ভোটপ্রদান করার জন্য তারা ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

তবে নির্বাচনের ফলাফল প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট নয় বলে পোস্টে উল্লেখ করে জামায়াত। পোস্টে বলা হয়, বিভিন্ন আসনে ১১–দলীয় জোটের প্রার্থীদের অল্প ব্যবধানে ও সন্দেহজনকভাবে পরাজিত হওয়া, বেসরকারিভাবে ফলাফল ঘোষণায় বারবার অসংগতি ও বানানো তথ্য প্রকাশ, ভোটার উপস্থিতির হার প্রকাশে নির্বাচন কমিশনের অনীহা, প্রশাসনের একটি অংশের বড় একটি দলের প্রতি ঝুঁকে থাকার ইঙ্গিত—এসবই ফলাফলপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নিঃসন্দেহে গুরুতর প্রশ্ন উত্থাপন করে।

‘মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ন্যায়বিচারের জন্য আমাদের সংগ্রাম ইনশাআল্লাহ অব্যাহত থাকবে’- বলেও ওই পোস্টে বলা হয়। 

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা ও ফল প্রকাশে ‘গড়িমসি’ এবং ‘অস্বাভাবিক বিলম্ব’-এর অভিযোগ তোলে জামায়াতে ইসলামী। দলটির দাবি, নির্দিষ্ট কিছু আসনে ফল প্রকাশে বিলম্ব ‘পরিকল্পিত চক্রান্তের’ অংশ হতে পারে। বিষয়টি নিয়ে তারা বাংলাদেশ নির্বাচন কমিশন–এর আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে এবং প্রয়োজন হলে দেশব্যাপী কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে।

আজ  ভোর ৪টার দিকে দলটির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে গেলে সেখানে আয়োজিত তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলা হয়।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, বিকেল ৫টা থেকে ভোট গণনা শুরু হলেও রাত ৪টা পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ আসনের ফল প্রকাশ করা হয়নি। তার ভাষ্য, “অনেক আসনের ফল দ্রুত প্রকাশ করা হলেও ঢাকার কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে অস্বাভাবিক বিলম্ব দেখা যাচ্ছে।”

বিশেষ করে ঢাকা-১৫ আসনের ফল প্রকাশে দেরি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ওই আসনে তাদের প্রার্থী উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন বলে দলীয় হিসাব বলছে। এছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একই ধরনের বিলম্বের অভিযোগ পাওয়া যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়, নির্বাচন কমিশনের কাছ থেকে লিখিত ব্যাখ্যা চাওয়া হবে। সন্তোষজনক জবাব না পেলে দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। “ষড়যন্ত্রের কাছে মাথা নত করা হবে না”—এমন মন্তব্য করে তারা দেশবাসীকে সঙ্গে নিয়ে ‘দুর্বার প্রতিরোধ’ গড়ে তোলার ঘোষণা দেন।#

পার্সটুডে/এমএআর/১৩