ইসরায়েলকে ‘মানবতার জন্য অভিশাপ’ বললেন খাজা আসিফ, প্রতিক্রিয়া তেল আবিবের
https://parstoday.ir/bn/news/event-i158348-ইসরায়েলকে_মানবতার_জন্য_অভিশাপ’_বললেন_খাজা_আসিফ_প্রতিক্রিয়া_তেল_আবিবের
ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে ‘মানবতার জন্য অভিশাপ’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
(last modified 2026-04-10T03:44:22+00:00 )
এপ্রিল ১০, ২০২৬ ০৯:১০ Asia/Dhaka
  • খাজা মুহাম্মদ আসিফ
    খাজা মুহাম্মদ আসিফ

ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে ‘মানবতার জন্য অভিশাপ’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

খাজা আসিফ ইসরায়েলকে ‘অশুভ এবং মানবতার জন্য অভিশাপ’ আখ্যা দিয়ে বলেন, যখন শান্তি আলোচনার প্রক্রিয়া চলছে, তখন লেবাননে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। তিনি অভিযোগ করেন, ইসরাইল নিরীহ মানুষ হত্যা করছে—প্রথমে ফিলিস্তিনের গাজা, তারপর ইরান এবং এখন লেবানন; রক্তপাত অব্যাহত রয়েছে।

এই মন্তব্যের পরপরই এর নিন্দা জানায় ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু'র কার্যালয় এক বার্তায় জানায়, ইসরায়েলকে নিশ্চিহ্ন করার আহ্বান অত্যন্ত নিন্দনীয়। তারা আরও বলে, এ ধরনের মন্তব্য কোনো সরকারের কাছ থেকেই গ্রহণযোগ্য নয়—বিশেষ করে এমন একটি সরকারের কাছ থেকে, যারা নিজেদেরকে শান্তির জন্য নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করে।

এর আগে, জাতিসংঘে পাকিস্তানের প্রতিনিধি দাবি জানিয়েছেন, “লেবাননের দখলকৃত সব এলাকা থেকে ইসরায়েলকে অবিলম্বে, সম্পূর্ণ এবং নিঃশর্তভাবে সরে যেতে হবে।

এদিকে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তান কূটনৈতিকভাবে সক্রিয় ভূমিকা নিচ্ছে। শাহবাজ শরিফ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসলামাবাদ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি শান্তিপূর্ণ সমাধান আনতে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় আসন্ন সংলাপের সম্ভাবনা চাপে পড়লেও, পাকিস্তান দুই সপ্তাহের যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনির–এর মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে পাকিস্তানের মধ্যস্থতাকারী প্রচেষ্টার অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং আলোচনার প্রস্তুতি চূড়ান্ত করা হয়। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এ পর্যন্ত অর্জিত উত্তেজনা প্রশমনে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং সব পক্ষকে শান্তি ও যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে আলোচনা আয়োজনের প্রস্তুতি চলছে। শনিবার মূল বৈঠকের বিস্তারিত বিষয়সূচি চূড়ান্ত করার কাজ এখনো চলমান রয়েছে। যুদ্ধবিরতির পর একটি স্থায়ী শান্তি কমিশন গঠনের বিষয়ও বিবেচনায় রয়েছে।#

পার্সটুডে/এমএআর/১০