তাবরিজের পাহাড়ি গ্রামে ইরানি টিউলিপের স্বপ্নবাগান
https://parstoday.ir/bn/news/event-i159598-তাবরিজের_পাহাড়ি_গ্রামে_ইরানি_টিউলিপের_স্বপ্নবাগান
ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজ শহরের কাছে ছোট্ট পাহাড়ি গ্রাম ‘এসপেরে খুন’। চারদিকে সেহান্দ পর্বতমালার নীরব সৌন্দর্য, আর সেই প্রকৃতির বুকেই ফুটে উঠেছে রঙিন টিউলিপের এক স্বপ্নরাজ্য। পাথুরে ও অনুর্বর জমিকে বছরের পর বছর শ্রমে ফুলের বাগানে রূপ দিয়েছেন স্থানীয় প্রকৃতিপ্রেমী সাদেক আকদামি।
(last modified 2026-05-23T11:11:10+00:00 )
মে ২৩, ২০২৬ ১৬:৩৩ Asia/Dhaka
  • তাবরিজের পাহাড়ি গ্রামে ইরানি টিউলিপের স্বপ্নবাগান

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজ শহরের কাছে ছোট্ট পাহাড়ি গ্রাম ‘এসপেরে খুন’। চারদিকে সেহান্দ পর্বতমালার নীরব সৌন্দর্য, আর সেই প্রকৃতির বুকেই ফুটে উঠেছে রঙিন টিউলিপের এক স্বপ্নরাজ্য। পাথুরে ও অনুর্বর জমিকে বছরের পর বছর শ্রমে ফুলের বাগানে রূপ দিয়েছেন স্থানীয় প্রকৃতিপ্রেমী সাদেক আকদামি।

আট বছর আগে যে জমিতে কেবল ধুলা আর পাথর ছিল, আজ সেখানে বসন্ত এলেই লাল, হলুদ, কমলা ও বেগুনি টিউলিপে ঢেকে যায় পাহাড়ের ঢাল। সঙ্গে রয়েছে সুগন্ধি নার্সিসাস ও বিরল সৌন্দর্যের ‘লালে ভাজগুন’ বা উল্টো টিউলিপ—যা ইরানের অন্যতম ঐতিহ্যবাহী বুনো ফুল হিসেবে পরিচিত।

ইরানে টিউলিপ শুধু সৌন্দর্যের প্রতীক নয়; এটি প্রেম, আত্মত্যাগ ও নবজাগরণেরও প্রতীক হিসেবে বিবেচিত। পারস্য সংস্কৃতিতে লাল টিউলিপকে শহীদদের স্মৃতির প্রতীক ধরা হয়। প্রতি বসন্তে দেশের বিভিন্ন অঞ্চলে টিউলিপ উৎসবও অনুষ্ঠিত হয়, যেখানে হাজারো মানুষ ফুলের সৌন্দর্য দেখতে ভিড় করেন।

বিশেষজ্ঞদের মতে, ইরানের পাহাড়ি ও শীতল আবহাওয়া টিউলিপ চাষের জন্য উপযোগী। বিশেষ করে সেহান্দ অঞ্চলের উর্বর আগ্নেয় মাটি এবং ঠান্ডা জলবায়ু ফুলের রঙকে আরও উজ্জ্বল করে তোলে। এ কারণে প্রতিবছর বসন্তে পর্যটক ও আলোকচিত্রীদের কাছে এই এলাকা হয়ে ওঠে আকর্ষণের কেন্দ্র।

সাদেক আগদামি বলেন, “আমি চেয়েছিলাম মানুষ প্রকৃতির কাছে ফিরে আসুক। ফুল শুধু সৌন্দর্য দেয় না, মানুষের মনে শান্তিও এনে দেয়।”

আজ তাঁর এই ফুলবাগান শুধু একটি কৃষিখামার নয়; এটি প্রকৃতিপ্রেমী, ভ্রমণকারী ও আলোকচিত্রীদের জন্য এক অনন্য গন্তব্য। পাহাড়ি বাতাসে দুলতে থাকা টিউলিপের সারি যেন বসন্তের রঙে লেখা এক জীবন্ত কবিতা।

পার্সটুডে/এমএআর/২৩