ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়ানো উচিত হয়নি: ফক্স নিউজকে ট্রাম্প
-
ডোনাল্ড ট্রাম্প
ইরাক ও ইরানের মতো দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিকভাবে জড়িয়ে পড়া উচিত হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি দাবি করেছেন, নয় মাস আগে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ না নিলে তেহরান এখন পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে যেত।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। ইরাকে মার্কিন আগ্রাসনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “ইরাকে কী ঘটেছিল তা দেখুন। আমরা খুব খারাপ কাজ করেছি। এটি ছিল অত্যন্ত বোকামিপূর্ণ সিদ্ধান্ত। আসলে শুরুতেই আমাদের সেখানে যাওয়া উচিত ছিল না।”
এরপর ইরানের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, “আমাদের ইরানেও জড়ানো উচিত ছিল না, কিন্তু ইরানের সেই সক্ষমতা রয়েছে। যদি আমরা নয় মাস আগে বি-২ বোমারু বিমান দিয়ে তাদের ওপর হামলা না চালাতাম, তাহলে এখন তাদের পারমাণবিক অস্ত্র থাকত এবং পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতো। হয়তো তখন ইসরায়েল থাকত না, এমনকি মধ্যপ্রাচ্যও আগের রূপে থাকত না।”
সাম্প্রতিক মার্কিন সামরিক পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়ে ট্রাম্প দাবি করেন, ইরানের সামরিক বাহিনীকে যুক্তরাষ্ট্র মূলত লক্ষ্যবস্তু করেনি।
তিনি বলেন, “তাদের সামরিক বাহিনীকে আমরা অনেকটা ছেড়ে দিয়েছি, কারণ আমরা মনে করি তাদের সামরিক বাহিনী কিছুটা মধ্যপন্থী। তাদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা মধ্যপন্থী নয়। আমরা নেতৃত্বের বিভিন্ন অংশকে সরিয়ে দিয়েছি। কিন্তু সামরিক বাহিনীকে আমরা মূলত অক্ষত রেখেছি।”
ট্রাম্পের মতে, একটি দেশের সামরিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো পুরোপুরি ধ্বংস করে দিলে দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতা তৈরি হতে পারে।
তিনি বলেন, “মানুষ এটি শুনে অবাক হতে পারে। কিন্তু যুদ্ধে এমন ভুল হয়েছে, যেখানে সবাইকে সরিয়ে ফেলার পর দেখা গেছে একটি দেশ ৪০ বছরেও পুনর্গঠিত হতে পারেনি।”
ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, যুক্তরাষ্ট্র একটি “অসাধারণ চুক্তি” করতে চায় এবং চুক্তির মাধ্যমে সংকটের সমাধান হলে বহু মানুষের জীবন রক্ষা করা সম্ভব হবে।
ট্রাম্প আরও বলেন, ইরানের নেতারা দরকষাকষিতে অত্যন্ত দক্ষ। তবে তার দাবি, যুক্তরাষ্ট্র ধীরে ধীরে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, “আমার কোনো তাড়াহুড়ো নেই। তাড়াহুড়ো করলে ভালো চুক্তি করা যায় না। ধীরে এগোলেও আমরা যা চাই, তা পেয়ে যাচ্ছি।"#
পার্সটুডে/এমএআর/৩১