হামলা-পাল্টা হামলা অব্যাহত
ইরান-মার্কিন উত্তেজনা বৃদ্ধির জেরে বিশ্ববাজারে তেলের দাম ৪ শতাংশ বৃদ্ধি
-
ইরান-মার্কিন উত্তেজনা বৃদ্ধির জেরে বিশ্ববাজারে তেলের দাম ৪ শতাংশ বৃদ্ধি
পার্সটুডে: পারস্য উপসাগর অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসলামী ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সিএনবিসি-র বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত মার্কিন অপরিশোধিত (ক্রুড) তেলের দাম ৪.১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৪.৩৩ ডলারে পৌঁছেছে।
একই সময়ে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩.৮৮ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৭৮.৯৬ ডলারে দাঁড়িয়েছে।
ইরনা আরও জানিয়েছে, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে দাবি করেছে, ইরানের সশস্ত্র বাহিনীর উপকূলীয় ঘাঁটিগুলোর ওপর হামলার জবাবে তাদের যোদ্ধারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটির একাধিক বড় ক্ষেপণাস্ত্র গুদাম ও জ্বালানি সংরক্ষণাগারে আগুন ধরিয়ে দিয়েছে।
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধ সমাপ্তি-সংক্রান্ত সমঝোতা স্মারকের (MoU) পঞ্চম ধারা অনুযায়ী, হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ-চলাচল পুনঃপ্রতিষ্ঠার দায়িত্ব একচেটিয়াভাবে ইরানের ওপর ন্যস্ত রয়েছে।
ওই ধারায় আরও উল্লেখ করা হয়েছে, সমঝোতার পর প্রথম ৬০ দিনের মধ্যে বাণিজ্য-জাহাজের নিরাপদ চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুমতি ইরানকে দেওয়া হয়েছে। একই সঙ্গে এতে স্পষ্টভাবে বলা হয়েছে, হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও সামুদ্রিক সেবা প্রদানের পদ্ধতি নির্ধারণের জন্য ইরানকে ওমানের সঙ্গে আলোচনা করতে হবে।
ইরান বরাবরই বলে আসছে, হরমুজ প্রণালি ইরান-ওমান যৌথ পানিপথ। তবে এ পথ দিয়ে জাহাজ চলাচল ইরানের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতেই হওয়া উচিত এবং ইরানের সঙ্গে সমন্বয় ছাড়া হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ-চলাচলের নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়।
উল্লেখ্য যুদ্ধ সমাপ্তি-সংক্রান্ত সমঝোতা স্মারক লঙ্ঘন করে হরমুজ-প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ দুর্বল করার লক্ষ্য নিয়ে দেশটির উপকূলীয় অঞ্চলে সম্প্রতি বেশ কয়েক বার হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর জবাবে ইরানও এ অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালানোর পাশাপশি পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। #
পার্স টুডে/এমএএইচ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।