“যারা ভুল হিসাব করেছে, তাদের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে।”
ইরানের স্বার্থে যেকোনো আঘাতের জন্য মূল্য দিতেই হবে: ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি
-
ইরানের জাতীয় সংসদ মজলিসের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি
পার্সটুডে: ইরানের জাতীয় সংসদ মজলিসের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, ইউক্রেন খুব শিগগিরই বুঝতে পারবে যে ইরান তার বিরুদ্ধে কোনো পদক্ষেপের জবাব না দিয়ে ছেড়ে দেয় না। তিনি সতর্ক করে বলেন, ইরানের ওপর যেকোনো হামলারই মূল্য দিতে হয়।
আজ সোমবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আজিজি লিখেছেন, “ইরানের বিরুদ্ধে যেকোনো হামলারই মূল্য আছে, এবং আজও সেই বাস্তবতা অপরিবর্তিত রয়েছে।”
তিনি আরও লিখেছেন, “ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েল এ বিষয়টি ভালোভাবেই জানে। ইউক্রেনও সম্ভবত খুব শিগগিরই বুঝতে পারবে যে, ইরান নিজের বিরুদ্ধে কোনো পদক্ষেপের জবাব না দিয়ে ছেড়ে দেবে না।”
আজিজি আরও সতর্ক করে বলেন, “যারা ভুল হিসাব করেছে, তাদের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে।”
শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্স-এ এক পোস্টে দাবি করেন, কিয়েভ বাহিনী কাস্পিয়ান সাগরে এমন কিছু জাহাজে হামলা চালিয়েছে, যেগুলো তার দাবি অনুযায়ী ইরান-সংশ্লিষ্ট সামরিক মালামাল পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। তিনি আরও দাবি করেন, একটি যুদ্ধজাহাজেও হামলা চালানো হয়েছে।
ইরান ইউক্রেনের ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এ হামলার জবাব দেওয়া হবে। হামলায় একজন নাবিক নিহত, আরেকজন আহত হন এবং ইরানের একটি বাণিজ্য-জাহাজ ক্ষতিগ্রস্ত হয়।
রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্স-এ লিখেছেন, জেলেনস্কি ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছেন, যাতে একজন নাবিক নিহত হয়েছেন। তিনি এ ঘটনাকে “জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন” বলে অভিহিত করেন এবং দাবি করেন, এটি “ইউরোপকে যুদ্ধে টেনে আনার লক্ষ্যে ইসরায়েলের প্ররোচনায়” সংঘটিত হয়েছে।
আরাকচি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাস এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ-এর সঙ্গে পৃথক টেলিফোন আলাপে তিনি বলেছেন, ইউক্রেনের এই পদক্ষেপের জবাবহীন থাকা সম্ভব নয়। #
পার্সটুডে/এমএএইচ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।