স্বাধীনতা দিবসের আগে লালকেল্লা, দিল্লি বিমানবন্দরসহ বহু জায়গায় বিস্ফোরণের হুমকি
-
দিল্লি বিমানবন্দরসহ বহু জায়গায় বিস্ফোরণের হুমকি
পার্সটুডে- ভারতে স্বাধীনতা দিবসের আগের দিনই দিল্লিতে বিস্ফোরণের হুমকিবার্তা ঘিরে শোরগোল। সূত্রের খবর, স্বাধীনতা দিবসের আগে শুক্রবার দিল্লি হাইকোর্ট, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-সহ রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় বিস্ফোরণের হুমকি আসে।
হাইকোর্টে পাঠানো ইমেলে লালকেল্লাকে নিশানা করার কথাও উল্লেখ ছিল। সেই হুমকিবার্তা পাওয়ার পরই ওই জায়গাগুলোর নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে।
স্বাধীনতা দিবস উপলক্ষে এমনিতেই রাজধানী জুড়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা থাকে। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হতে হয়, তার জন্য নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয় রাজধানীকে। সূত্রের খবর, শুক্রবার সকাল ১১টা ৪৩ মিনিটে দিল্লি হাইকোর্টে একটি ইমেলে হুমকি আসে। সেখানে ১৫ অগস্টের কথা উল্লেখ করে লেখা হয়, ‘‘লালকেল্লাকে নিশানা করা হবে।’’
সূত্রের খবর, ওই ইমেলে এটাও বলা হয়, যাঁদের এই বোমা বিস্ফোরণের কাজে নিয়োগ করা হয়েছে, তাঁরা সকলেই খাকি পোশাকে থাকবেন। সেই ইমেল পাওয়ার পরই দিল্লি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। নিরাপত্তা বাড়ানো হয় দিল্লি হাইকোর্টের। বম্ব স্কোয়াড আসে। তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয়। তবে সূত্রের খবর, সন্দেহজনক কোনও কিছু পাওয়া যায়নি। ওই সূত্রের দাবি, ইমেলে ‘খলিস্তান’-এর নাম উল্লেখ করা হয়েছে।#
পার্সটুডে/এমআরএইচ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।