কাশ্মীর নিয়ে ভারতে নিযুক্ত মার্কিন কূটনীতিকের মন্তব্যের জেরে মার্কিন রাষ্ট্রদূতকে তলব পাকিস্তানে
https://parstoday.ir/bn/news/event-i162370-কাশ্মীর_নিয়ে_ভারতে_নিযুক্ত_মার্কিন_কূটনীতিকের_মন্তব্যের_জেরে_মার্কিন_রাষ্ট্রদূতকে_তলব_পাকিস্তানে
পার্সটুডে: বিতর্কিত কাশ্মীর অঞ্চলের মর্যাদা নিয়ে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে ইসলামাবাদে নিযুক্ত শীর্ষ মার্কিন কূটনীতিককে তলব করেছে পাকিস্তান।
(last modified 2026-08-20T15:25:41+00:00 )
আগস্ট ২০, ২০২৬ ২০:৫৭ Asia/Dhaka
  • ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর
    ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর

পার্সটুডে: বিতর্কিত কাশ্মীর অঞ্চলের মর্যাদা নিয়ে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে ইসলামাবাদে নিযুক্ত শীর্ষ মার্কিন কূটনীতিককে তলব করেছে পাকিস্তান।

বুধবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসলামাবাদে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ন্যাটালি বেকারকে তলব করা হয়েছে এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের “তথ্যগতভাবে ভুল মন্তব্যের” বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে।

গোর শ্রীনগর সফরের সময় সাংবাদিকদের বলেছিলেন, কাশ্মীর “ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ”। শ্রীনগর হিমালয় অঞ্চলের ভারত-নিয়ন্ত্রিত অংশে অবস্থিত একটি শহর।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “জম্মু ও কাশ্মীরকে ‘ভারতের অংশ’ হিসেবে চিহ্নিত করার বিষয়টি পাকিস্তান তীব্রভাবে নিন্দা করেছে এবং তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে।”

মন্ত্রণালয় আরও বলেছে, “এটি জোর দিয়ে তুলে ধরা হয়েছে যে, জম্মু ও কাশ্মীর একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিতর্কিত ভূখণ্ড, যার চূড়ান্ত নিষ্পত্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাব এবং কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী হওয়ার অপেক্ষায় রয়েছে।”

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, তারা মার্কিন রাষ্ট্রদূতের এই “দায়িত্বজ্ঞানহীন বক্তব্য”-এর বিষয়টিও তুলে ধরেছে। তাদের মতে, এই মন্তব্য কাশ্মীর বিরোধ নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের এবং নথিবদ্ধ অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।

১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান বিভক্ত হওয়ার পর থেকেই কাশ্মীর ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত রয়েছে। উভয় দেশই পুরো কাশ্মীরের ওপর  মালিকানা দাবি করে আসছে এবং এই পার্বত্য অঞ্চল নিয়ে তারা তিনটি যুদ্ধ করেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ২০১৯ সালে কাশ্মীরের স্বায়ত্তশাসনের মর্যাদা বাতিল করে। পাকিস্তান এই পদক্ষেপকে অবৈধ বলে অভিহিত করে। ভারতের সুপ্রিম কোর্ট ২০২৩ সালের ডিসেম্বর মাসে ওই সিদ্ধান্ত বহাল রাখে।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় এক বিতর্কিত মানচিত্রে কাশ্মিরকে ভারতের অংশ হিসেবে দেখায় এবং এতে পাকিস্তান এর তীব্র প্রতিবাদ জানিয়েছিল।  #

পার্সটুডে/এমএএইচ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন