উত্তরাখণ্ডে বিজেপি জয়ী হলে ‘অভিন্ন দেওয়ানি বিধি’র প্রতিশ্রুতি: বিরোধীদের প্রতিক্রয়া
https://parstoday.ir/bn/news/india-i103748-উত্তরাখণ্ডে_বিজেপি_জয়ী_হলে_অভিন্ন_দেওয়ানি_বিধি’র_প্রতিশ্রুতি_বিরোধীদের_প্রতিক্রয়া
ভারতের উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হলে ‘অভিন্ন দেওয়ানি বিধি’ কার্যকরের প্রক্রিয়া শুরু হবে বলে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামী জানিয়েছেন। আজ (শনিবার) সংবাদ সংস্থা ‘এএনআই’কে দেওয়া সাক্ষাৎকারে তার এ সংক্রান্ত মন্তব্যের পরেই শুরু হয়েছে বিতর্ক।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১২, ২০২২ ১৭:২৮ Asia/Dhaka
  • পুস্কর সিং ধামী
    পুস্কর সিং ধামী

ভারতের উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হলে ‘অভিন্ন দেওয়ানি বিধি’ কার্যকরের প্রক্রিয়া শুরু হবে বলে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামী জানিয়েছেন। আজ (শনিবার) সংবাদ সংস্থা ‘এএনআই’কে দেওয়া সাক্ষাৎকারে তার এ সংক্রান্ত মন্তব্যের পরেই শুরু হয়েছে বিতর্ক।

প্রধান বিরোধী দল কংগ্রেস বলেছে, নির্বাচনে পরাজয় নিশ্চিত বুঝেই প্রচারের শেষ প্রহরে ‘বিতর্কিত বিষয়’ উল্লেখ করে ‘মেরুকরণের রাজনীতি’ করতে চাচ্ছেন ধামী।     

মুখ্যমন্ত্রী ধামি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, রাজ্যে নয়া বিজেপি সরকার গঠিত হওয়ার সাথে সাথেই তারা রাজ্যে ‘অভিন্ন দেওয়ানি বিধি’র খসড়া তৈরির জন্য একটি কমিটি গঠন করবে। তিনি বলেন,  ‘অভিন্ন দেওয়ানি বিধি’ ধর্ম নির্বিশেষে সকল মানুষের জন্য বিবাহ, বিবাহ বিচ্ছেদ, জমি-সম্পত্তি এবং উত্তরাধিকার সংক্রান্ত অভিন্ন আইন প্রদান করবে।    

‘অভিন্ন দেওয়ানি বিধি’র মাধ্যমে সব ধর্মের মানুষের জন্য একই রকম পারিবারিক, বিবাহ, উত্তরাধিকার সংক্রান্ত আইন প্রণয়নের কথা বহুকাল ধরে বলে আসছে হিন্দুত্ববাদী বিজেপি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি’র ইশতেহারেও ‘অভিন্ন দেওয়ানি বিধি’র প্রতিশ্রুতি ছিল। ওই বিধি কার্যকর হলে মুসলিমদের শরীয়াহ অনুযায়ী  ব্যক্তিগত আইনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হবে।   

ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি

এপ্রসঙ্গে ভারতের মজলিশ-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, ধামী ওই প্রতিশ্রুতি দিয়েছেন কারণ তিনি জানেন যে বিজেপি এবার উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচনে পরাজিত হবে। আমি তাঁর কাছে জানতে চাই রাজ্যের উন্নয়নে তিনি কী করেছেন? 

আরজেডি নেতা মনোজ ঝা বলেছেন, উত্তরাখণ্ডের নির্বাচনের ঠিক আগে তাঁর এই ধারণাটি (পুষ্কর সিং ধামি) এসেছে।   

কংগ্রেসের সিনিয়র নেতা ও বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল বলেছেন, পুষ্কর এস ধামিজী, যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে অনুগ্রহ করে উত্তরাখণ্ডে অভিন্ন সিভিল কোড কার্যকর করার ঘোষণা করার সময় আপনার দল এবং নিজেকে বিব্রত করবেন না। এতে বোঝা যাচ্ছে যে আপনার দল উত্তরাখণ্ডে হেরে যাচ্ছে এবং আপনার কিছু আইনি পরামর্শ দরকার।’ উত্তরাখণ্ডের ৭০টি বিধানসভা আসনে আগামী ১৪ ফেব্রুয়ারী নির্বাচন হবে। ফল ঘোষণা হবে ১০ মার্চ।#

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১২  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।