পশ্চিমবঙ্গে ছাত্র নেতা আনিস খান হত্যার প্রতিবাদ ও সুবিচারের দাবিতে মিছিল
https://parstoday.ir/bn/news/india-i104364-পশ্চিমবঙ্গে_ছাত্র_নেতা_আনিস_খান_হত্যার_প্রতিবাদ_ও_সুবিচারের_দাবিতে_মিছিল
ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার আমতার বাসিন্দা ও আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা আনিস খানের হত্যার ঘটনার প্রতিবাদ ও সুবিচারের দাবিতে আজ বামপন্থি ছাত্র সংগঠন মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৫, ২০২২ ১৫:৪৯ Asia/Dhaka
  • আনিস খান হত্যার প্রতিবাদে মিছিল
    আনিস খান হত্যার প্রতিবাদে মিছিল

ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার আমতার বাসিন্দা ও আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা আনিস খানের হত্যার ঘটনার প্রতিবাদ ও সুবিচারের দাবিতে আজ বামপন্থি ছাত্র সংগঠন মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দিয়েছে।

আজ (শুক্রবার) কোলকাতায় মিছিল শুরুর আগেই পুলিশ বিক্ষোভকারীদের আটক করে টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলে। গণমাধ্যমে প্রকাশ, আজ শুক্রবার পূর্ব ঘোষণা মতো ধিক্কার মিছিল এবং ‘ভবানী ভবন অভিযান’  কর্মসূচি শুরু করার জন্য ছাত্ররা লেক মলের সামনে জড়ো হওয়া শুরু করলেই পুলিশ তাদের ধাওয়া করে। এ সময়ে গ্রেফতার করা হয় বাম ছাত্র সংগঠন এসএফআই-এর সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাসকে। এরপরে একেক করে ধরপাকড় শুরু করে ছাত্র নেতা ও কর্মীদের পুলিশ ভ্যানে তোলা হয়। আজ পুলিশি বাধাকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। এসএফআই-এর কর্মসূচিকে কেন্দ্র করে আগে থেকেই সংশ্লিষ্ট এলাকায় প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। কয়েকটি জায়গায় ব্যারিকেড দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।    

আজ কংগ্রেসের পক্ষ থেকে নোনাপুকুরে আনিস খান হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। অন্যদিকে, আমতায় এসএফআইয়ের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়েছে এবং ওই ঘটনায় অপরাধীদের শাস্তির দাবি জানানো হয়েছে। 

একইদিনে আজ কোলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা ক্যাম্পাস চত্বরে প্রতিবাদ মিছিল করেন। তাদের সঙ্গে ওই মিছিলে শামিল হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীদের একাংশও।   

এ দিকে, আনিস হত্যার ঘটনাকে কেন্দ্র করে যে দু’জন পুলিসকর্মী গ্রেফতার হয়েছে  তাদের শনাক্ত করতে আজ শুক্রবার বিশেষ তদন্তকারী টিম ‘সিট’-এর পক্ষ থেকে   আনিসের বাবা সালাম খানকে টিআই প্যারেডে নিয়ে যাওয়া হয়। পুলিসের উপরে ভরসা করতে না পেরে বারবার কেন্দ্রীয় তদন্ত সংস্থা ‘সিবিআই’ তদন্তের দাবি জানিয়েছে  আনিসের পরিবার। হাইকোর্ট অবশ্য ভরসা রেখেছে সিটের তদন্তের উপরেই। পরিবারকে পুলিসের সঙ্গে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেয় আদালত। এরপরেই আজ আইনজীবীর উপস্থিতিতে উলুবেড়িয়া কারাগারে টিআই প্যারেডে যাওয়ার সিদ্ধান্ত নেয় আনিসের পরিবার। পরিবারের দাবিমতো আনিসের কবরের কাছে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। মোতায়েন করা হয়েছে পুলিসও। #

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।