আনিস খানের হত্যাকারীরা শাস্তি না পাওয়া পর্যন্ত লড়াই চলবে: মীনাক্ষী মুখার্জী
ভারতের পশ্চিমবঙ্গে সিপিএমের যুব সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জী বলেছেন, আনিস খানের হত্যাকারীরা শাস্তি না পাওয়া পর্যন্ত লড়াই চলবে। তিনি আজ (মঙ্গলবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
ভারতের পশ্চিমবঙ্গের আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আনিস খান হত্যার প্রতিবাদ ও সুবিচারের দাবিতে প্রতিবাদ মিছিল করার সময়ে গ্রেফতার হওয়ার পরে আজই মীনাক্ষী মুখার্জী জেল থেকে মুক্তি পেয়েছেন। এরপরেই সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জী বলেন, ‘আমাদের একটাই কথা, আনিসের হত্যাকারীরা এখনও অবধি শাস্তি পেলো না। আনিসের হত্যাকারীদের শাস্তি অবিলম্বে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত তারা শাস্তি পাচ্ছে পশ্চিমবঙ্গে ডিওয়াইএফআই-এসএফআই লড়াইয়ের রাস্তায় ছিল, রাস্তায় আছে, রাস্তাতেই থাকবে। এই লড়াইয়ের শেষ দেখেই আমরা ছাড়ব।’
গতকাল (সোমবার) ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মুখার্জীসহ ১৬ জন হাওড়া জেলা আদালত থেকে জামিন পান। আনিস হত্যাকাণ্ডের প্রতিবাদে গত ২৬ ফেব্রুয়ারি হাওড়া গ্রামীণের পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও অভিযান চালায় বামেদের ছাত্র-যুব সংগঠন। ওইদিন এসপি অফিসে ভাঙচুর ও পুলিশ কর্মীদের মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল মীনাক্ষীসহ ১৬ জনকে। গ্রেফতারের পর ৩ বার ধৃতদের জামিনের আবেদন খারিজ করে আদালত। অবশেষে হাওড়া আদালতের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শর্তসাপেক্ষে জামিন দেয়। জানানো হয়েছে, তদন্তের স্বার্থে হাজিরা দিতে হবে পুলিশের কাছে।
আদালতের নির্দেশ মতোই আজ হাওড়া জেলে বন্দি ১৫ জন এবং কোলকাতার আলিপুর জেল থেকে ছাড়া পান মীনাক্ষী মুখার্জী। দুই জায়গাতেই সহযোদ্ধাদের সংবর্ধনা দিতে উপস্থিত ছিলেন ছাত্র-যুব নেতৃত্ব। আজ ছাড়া পেয়ে মীনাক্ষী মুখার্জী গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আনিস খানের হত্যাকারীদের শাস্তি চেয়ে আন্দোলন করার জন্য তাদের জেলে যেতে হয়েছে। তারা জামিন পেলেও আনিসের হত্যাকারীরা এখনও শাস্তি পায়নি। সেই দাবিতে আবারও রাস্তায় নামবেন তারা। প্রয়োজনে আবারও জেলে যাবেন।
গত ১৮ ফেব্রুয়ারি গভীর রাতে নিজ বাড়িতে অস্বাভাবিক মৃত্যু হয় সাবেক ছাত্র নেতা আনিস খানের। তার পরিবারের দাবি, পুলিশের পোশাকে আসা লোকজন আনিসকে হত্যা করেছে। ওই ঘটনার তদন্তে রাজ্য সরকার গত ২১ ফেব্রুয়ারি স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা ‘সিট’ গঠন করেছে। পুলিশ ইতোমধ্যে দু’জনকে গ্রেফতারও করেছে। কিন্তু আন্দোলনকারীদের দাবি, মূল অভিযুক্তদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে। #
পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন