পশ্চিমবঙ্গে বিধানসভায় গোলযোগের অভিযোগে বিজেপির ২ বিধায়ক সাসপেন্ড
https://parstoday.ir/bn/news/india-i104988-পশ্চিমবঙ্গে_বিধানসভায়_গোলযোগের_অভিযোগে_বিজেপির_২_বিধায়ক_সাসপেন্ড
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় গোলযোগের অভিযোগে বিজেপির ২ বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। রাজ্যপালের বাজেট ভাষণের সময় গোলযোগ সৃষ্টির অভিযোগে বিজেপি’র বিধায়ক মিহির গোস্বামী ও সুদীপ মুখোপাধ্যায়কে বিধানসভার অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৯, ২০২২ ১৬:০১ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গে বিধানসভায় গোলযোগের অভিযোগে বিজেপির ২ বিধায়ক সাসপেন্ড

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় গোলযোগের অভিযোগে বিজেপির ২ বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। রাজ্যপালের বাজেট ভাষণের সময় গোলযোগ সৃষ্টির অভিযোগে বিজেপি’র বিধায়ক মিহির গোস্বামী ও সুদীপ মুখোপাধ্যায়কে বিধানসভার অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়।

ওই ইস্যুতে আজ (বুধবার) মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় একটানা বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি বিধায়করা। পরে বিজেপি বিধায়করা বিধানসভা থেকে ওয়াক আউট করেন। দলীয় বিধায়কের সাসপেনশন প্রত্যাহার না করা পর্যন্ত চলবে প্রতিবাদ-আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেন, যতদিন দুই বিধায়কের সাসপেনশন প্রত্যাহার না করা হবে ততদিন তারা লবির মেঝেতে বসে অবস্থান করবেন।  

এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘রাজ্যপালের ভাষণে বাধা দেওয়া ষড়যন্ত্র। রাজ্যপালও সেই ষড়যন্ত্রের অংশ। আর বিজেপি তো দিল্লি নির্ভর রাজনীতি করে। কোনও পদক্ষেপ গ্রহণ করতে দিল্লির সঙ্গে কথা বলতে হয়। মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।’ 

এ দিকে, আজ বিধানসভায় বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণের উপর বক্তব্য রাখতে গিয়ে গিয়ে মুখ্যমন্ত্রী সরাসরি অভিযোগ করেছেন, নন্দীগ্রামে তার প্রাণনাশের চেষ্টা করা হয়েছিল। নন্দীগ্রামে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল বলে সরাসরি রাজ্য বিধানসভায় তার ভাষণে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমাকে প্রচার করতে দেওয়া হয়নি। আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত চালানো হয়েছিল!’ 

বিধানসভা নির্বাচনে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রাম আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাছে মাত্র ১ হাজার ৯৫৬ ভোটে পরাজিত হন মমতা। ওই ফলাফলের বিরুদ্ধে  আদালতের দ্বারস্থ হয়েছে তৃণমূল। গতবছর অক্টোবরে অবশ্য মুখ্যমন্ত্রী নিজের পুরনো কেন্দ্র ভবানীপুর থেকে জিতে বিধায়ক হয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণ করেছেন। 

এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, ‘আসলে নন্দীগ্রামে হেরে যাওয়ার যন্ত্রণা মুখ্যমন্ত্রী ভুলতে পারছেন না! সেজন্য বার বার সেই যন্ত্রণা থেকেই এ কথা বলে যাচ্ছেন।’  যদি নন্দীগ্রাম নিয়ে ওনার কোন অভিযোগ  থাকে আর কেউ ষড়যন্ত্র করে থাকে, তা হলে তিনি তার প্রশাসনকে দিয়েই তার তদন্ত করে দেখান বলেও মন্তব্য করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।#    

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন