মুসলিমরা ভোট দেয়নি, এবার দ্রুত গতিতে চলবে বুলডোজার : বলদেব সিং
-
নবনির্বাচিত বিজেপি বিধায়ক বলদেব সিং আউলাখ
ভারতের উত্তর প্রদেশের সাবেক মন্ত্রী ও নবনির্বাচিত বিজেপি বিধায়ক বলদেব সিং আউলাখ বলেছেন, মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি, সেজন্য বুলডোজার এবার দ্রুত গতিতে চলবে।
আজ (রোববার) এনডিটিভি হিন্দি ওয়েবসাইটে বিজেপি নেতা ও রাজ্যের সাবেক মন্ত্রীর এ ধরণের বিতর্কিত মন্তব্য প্রকাশ্যে এসেছে।
রাজ্যটিতে সম্প্রতি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। নির্বাচনের ফল ফের বিজেপির পক্ষে গেছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফিরে এসেছে বিজেপি। এমতাবস্থায় রামপুরের বিলাসপুর আসন থেকে বিধায়ক নির্বাচিত রাজ্যের বিদায়ী মন্ত্রী বলদেব সিং আউলাখের বিতর্কিত মন্তব্য প্রকাশ্যে এলো।
বলদেব সিং আউলাখের তার বক্তব্যের কারণে শিরোনাম হয়েছেন। তার ওই বক্তব্যের পর ভারতীয় জনতা পার্টি বা ‘বিজেপি’র প্রবীণ মুসলিম কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাজ্যের সাবেক প্রতিমন্ত্রী এবং বিজেপি নেতা বলদেব সিং আউলাখ সাম্প্রতিক ভোটে মাত্র ৩০৭ ভোটে জয়ী হন। কিন্তু খুব কাছ থেকে হার জিত দেখে তার কথার অবনতি ঘটে এবং গণনাস্থলেই সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি মুসলিমদের বিরুদ্ধে ভোট না দেওয়ার অভিযোগ করে বিবৃতি দেন।
রাজ্যের যোগী আদিত্যনাথ সরকারের স্বাস্থ্য কার্ড, রেশন, বীমা, আবাসন এবং শৌচাগারের মতো প্রকল্পের কথা উল্লেখ করে, আউলাখ বলেন, যোগীজি বৈষম্য ছাড়াই সকলকে প্রকল্পের সুবিধা প্রদান করেছেন। কিন্তু মুসলিমরা বিজেপিকে মোটেও ভোট দেয়নি। বুলডোজার চলবে কী না জানতে চাইলে তিনি বলেন, বুলডোজার এখন আরও দ্রুত গতিতে চলবে।
এ প্রসঙ্গে ১৯৯৮ সাল থেকে ২০০২ পর্যন্ত বিজেপির জাতীয় কার্যনির্বাহী সদস্য এবং আরএসএস-এর শাখা স্বদেশী জাগরণ মঞ্চের জেলা আহ্বায়ক, ফারহাত আলী খান বলেছেন, আমি ২৫ বছর ধরে বিজেপির সেবা করছি। আমার মতো মুসলিম সম্প্রদায়ের অনেকেই দৃঢ়তার সাথে দলের নীতি ঘরে ঘরে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছেন। কিন্তু বলদেব সিং কীভাবে বললেন যে মুসলিমরা ভোট দেয়নি? অথচ দলীয় হাইকমান্ডের পক্ষ থেকে মুসলিম, সমাজের নারীদের ধন্যবাদ দেওয়া হচ্ছে এবং আমিও বিজেপিকে ভোট দিয়েছি, তাহলে কী উনি আমাকেও বিশ্বাস করেন না? বিলাসপুর বিধানসভা কেন্দ্রে শিখদের একটি বিশাল জনসংখ্যা রয়েছে, তাই আউলাখজী কী বলবেন শিখরাও তাকে ভোট দেয়নি? এজন্য বলদেব সিং আওলাখের বক্তব্যের নিন্দা করেছেন ফারহাত আলী খান।#
পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।