পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার অবনতি: সংসদে সোচ্চার অধীর চৌধুরী, পাল্টা মন্তব্য কুণাল ঘোষের
https://parstoday.ir/bn/news/india-i105270-পশ্চিমবঙ্গে_আইনশৃঙ্খলার_অবনতি_সংসদে_সোচ্চার_অধীর_চৌধুরী_পাল্টা_মন্তব্য_কুণাল_ঘোষের
ভারতের পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে সংসদে সোচ্চার হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এমপি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৫, ২০২২ ১৭:৪৫ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার অবনতি: সংসদে সোচ্চার অধীর চৌধুরী, পাল্টা মন্তব্য কুণাল ঘোষের

ভারতের পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে সংসদে সোচ্চার হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এমপি।

পশ্চিমবঙ্গে সম্প্রতি সাবেক ছাত্র নেতা আনিস হত্যা ও কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর হত্যার বিষয়ে তিনি আজ (মঙ্গলবার) রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। 

এ প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার ক্রমশ অবনতি হচ্ছে। ঝালদায় আমি একটি হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হয়েছি। কংগ্রেসের টিকিটে জেতা পৌরসভার কাউন্সিলর তপন কান্দুকে হত্যা করা হয়েছে। ঝালদায় কংগ্রেস পৌরবোর্ড তৈরির কাজে অনেকটাই এগিয়ে ছিল। কিন্তু শাসকদলের একাংশ পুলিশের সাহায্য নিয়ে তপনকে হত্যা করেছে।’  তিনি ঝালদায় কাউন্সিলরের হত্যার ঘটনায় মঙ্গলবার আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত দাবি করেছেন।  

এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র ও দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘উনি সংসদে দাঁড়িয়ে বাংলাকে কলুষিত করার চেষ্টা করছেন। তাকে সহযোগিতা করেছে বিজেপি। এবং কংগ্রেসের যে নেতৃত্ব টেবিল চাপড়েছে, আমি তাদের বলব কেন্দ্রীয় এজেন্সির প্রতি আপনাদের যখন এতো ভরসা, তাহলে সেই কেন্দ্রীয় এজেন্সি যখন আপনাদের বিরুদ্ধে সেগুলোকে একটু স্বাগত জানান।’   

আজ অধীর বাবু যখন বক্তব্য রাখছিলেন,  তখন তাকে টার্গেট করে পাল্টা স্লোগান দিতে দেখা যায় তৃণমূলের এমপিদেরও। ‘খুনি অধীর, গুণ্ডা অধীর’ স্লোগানও শোনা  যায় নেপথ্যে। কিন্তু এ সবেও কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে থামানো যায়নি। বরং কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধিসহ দলের অন্য এমপিরা টেবিল চাপড়ে তাকে সমর্থন জানান।

এই প্রথম পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল সরকারের বিরুদ্ধে জাতীয় স্তরে এ ভাবে সোচ্চার হতে দেখা গেল কংগ্রেসকে। এরআগে বিজেপি পশ্চিমবঙ্গে নির্বাচন চলাকালীন এবং ‘নির্বাচন পরবর্তী’ সহিংসতার অভিযোগ করলেও কংগ্রেস জাতীয় স্তরে তৃণমূলের বিরুদ্ধে সে ভাবে কোনও মন্তব্য করেনি।       

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।